চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাট বাজারে মুরাদ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পথেরহাট বাজারের একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এক যুবক মুরাদকে ধাওয়া করে। পরে তিনি মার্কেটের ১ নম্বর গলির মা কসমেটিকস অ্যান্ড গিফট হাউস নামের একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাঁর পেটে ছুরিকাঘাত করা হয়। এ সময় হামলাকারী ভিডিও ধারণ করা ব্যক্তিদের মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও মুছে ফেলার হুমকি দেন। পরে লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত মুরাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পর নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’
কেকে/ এসএমএন