গত ১০ বছরে বাংলাদেশি টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটিকে মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ‘টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো চাইলে আমদানিকারকদের কাছে তুলনামূলক কম দামে ডলার সরবরাহ করতে পারে।’
বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি না বাড়ার অন্যতম কারণ উচ্চ সুদহার উল্লেখ করে তিনি ভবিষ্যতে নীতি সুদহার কমানোর ইঙ্গিত দেন। পাশাপাশি বন্ধ কলকারখানাগুলো যেকোনো উপায়ে চালু করার জন্য ব্যাংকগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আপাতত দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের আশঙ্কা নেই। আগামী বছরের জ্বালানি চাহিদা পূরণেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
বৈশ্বিক ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি নিরাপত্তার কৌশল নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ : সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
কেকে/ এসএমএন