কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখল, বাড়ি ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) ইদ্রিস আলী নামে এক ব্যক্তি দৌলতপুর থানায় মামলাটি করেন। এতে আব্দুল হালিমকে একমাত্র নামীয় আসামি করে অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের ভাইয়ের কাছ থেকে সাড়ে চার কাঠা জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করেন ইদ্রিস আলী। গত বছরের ১৩ সেপ্টেম্বর ওই বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল হালিম টম। তিনি বলেন, ‘মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
দৌলতপুর থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘এটি জমিসংক্রান্ত বিরোধের ঘটনা।’
কেকে/ এসএমএন