রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রদল নেতাকে হল থেকে তুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে নাহিদ হাসান নয়নকে ফোন করা হয়।
অভিযোগে তিনি জানান, ফোনদাতা নিজেকে রাজপাড়া থানার সদস্য পরিচয় দিয়ে তাকে গালিগালাজ করেন। একই সঙ্গে ক্যাম্পাস থেকে তুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে না দেওয়ার হুমকি দেন।
নাহিদ হাসান নয়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র এবং হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।
লিখিত অভিযোগে ফোনদাতার নাম মুস্তাকিম উল্লেখ করে নাহিদ দাবি করেন, তিনি পেশায় একজন কারারক্ষী। পুলিশের পরিচয় ব্যবহার করে হুমকি দেওয়ায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ফোনদাতা মুস্তাকিম বলেন, ‘মেয়েলি বিষয় নিয়ে ওনার (নাহিদের) সঙ্গে দেখা করে কথা বলতে চাইছিলাম।’ পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘না ভাই, ওনি ভুল শুনেছেন। গতকাল কনসার্টের কারণে নেটওয়ার্কের সমস্যা ছিল হয়তো। আমি সাধারণ পাবলিক।’
নাহিদ হাসান নয়ন বলেন, ‘অনেকদিন যাবত আমার সঙ্গে রাজশাহী কলেজের এক মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু মেয়ের পরিবার চায় না যে আমরা রিলেশন কন্টিনিউ করি। এজন্য হয়তো ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাকে হুমকি-ধামকি দেওয়াচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘হ্যাঁ, আমি অভিযোগপত্র পেয়েছি। সত্যতা যাচাই করার কাজ চলছে।’
কেকে/ এসএমএন