দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির মাহমুদ আবু ইউনুস নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) ভোরে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাসের সশস্ত্র শাখা।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন আবু ইউনুস। তিনি হামাসের জেনারেল মিলিটারি কাউন্সিলের সদস্য ছিলেন।
জানা যায়, রাফাহ ব্রিগেডের কমান্ডার নায়েল আবু ওবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন আবু ইউনুস। গত ১৫ সেপ্টেম্বর খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত হন আবু ওবেইদ।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথভাবে হামাসের সশস্ত্র শাখার এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি তারা।
এদিকে নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় ১৪ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।
কেক/ এমএস