ঘরের মাঠে গ্যালারিভর্তি দর্শকের প্রত্যাশা, দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন—সব মিলিয়ে বাড়তি চাপ সামলাতে পারেনি বাংলাদেশ। শনিবার রাতে জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ টমাস ডুলি হারের কারণ হিসেবে অতিরিক্ত প্রত্যাশার চাপ ও ফুটবলারদের শারীরিক ক্লান্তিকে দায়ী করেছেন।
গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে অপরাজিত থাকা এবং শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর বাংলাদেশকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বেড়ে যায়। তবে সেমিফাইনালে সেই প্রত্যাশার চাপই খেলোয়াড়দের স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলেছে বলে মনে করেন কোচ।
ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের থ্রোয়িং থেকে বল পেয়ে সুযোগ তৈরি করেন পাকিস্তানের খাট্টাক। তার কাছ থেকে বল পেয়ে আবদুল সামাদ জালে পাঠালে এগিয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ।
ম্যাচ শেষে ড্রেসিংরুমের পরিস্থিতি তুলে ধরে টমাস ডুলি বলেন, ‘লকার রুমে এখন পিনপতন নীরবতা। কেউ কারও সঙ্গে কোনো কথা বলছে না। ছেলেরা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে, মাঠেই তারা কান্নায় ভেঙে পড়েছিল। ওরা নিজেরাও জানে, আজকের পারফরম্যান্স যথেষ্ট ছিল না।’
ঘরের মাঠে প্রায় ২০ হাজার দর্শকের সামনে খেলার চাপ ফুটবলারদের স্বাভাবিক খেলায় প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ হারানো এবং পাসে ভুলের কারণে খেলোয়াড়দের মধ্যে আরও ভুল করার ভয় তৈরি হয়েছিল।
ডুলি বলেন, ‘ফুটবলাররা তো আর রোবট নন, তাদেরও মস্তিষ্ক ও আবেগ আছে। ঘরের মাঠে জেতার প্রচণ্ড চাপ ওদের ওপর কাজ করেছে। ম্যাচ যত গুরুত্বপূর্ণ হয়, কখনো কখনো আত্মবিশ্বাস তত কমে যায়।’
তিনি আরও বলেন, ‘একজন খেলোয়াড় যখন ভাবে ২০ হাজার দর্শকের সামনে আর কোনো ভুল করা যাবে না, তখন সেই বাড়তি সতর্কতা থেকেই সে আরেকটি ভুল করে বসে। চাপে থাকলে খেলার গতি ও চিন্তার গতি ধীর হয়ে যায়।’
শেষ মুহূর্তে গোল হজমের ধাক্কা সামলানোও কঠিন ছিল বলে জানান বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘দেশের জন্য, সমর্থকদের জন্য জিততেই হবে এমন ভাবনার মধ্যে সাফ জয়ের এত বড় সুযোগ হাতের মুঠোয় থাকা অবস্থায় শেষ মুহূর্তে গোল খাওয়াটা যেকোনো মানুষের জন্যই সামলানো কঠিন।’
মানসিক চাপের পাশাপাশি শারীরিক ক্লান্তিকেও হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন ডুলি। তার দাবি, সেমিফাইনালের আগে বাংলাদেশের তুলনায় পাঁচ দিন বেশি বিশ্রাম পেয়েছিল পাকিস্তান। টানা উচ্চমাত্রার ম্যাচ খেলার ধকল দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলে। এ সময় কয়েকজন ফুটবলার পেশির সমস্যায়ও ভুগেছেন।
সব মিলিয়ে ঘরের মাঠে শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও অতিরিক্ত প্রত্যাশার চাপ ও শারীরিক ক্লান্তির কাছে হার মানতে হয়েছে বাংলাদেশকে।
কেকে/ এমএস