ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাটছে না। নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। এতে কাজ হারানোর শঙ্কা ও অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।
সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। সকালে কাজে যোগ দিতে কারখানায় এসে ছুটির নোটিশ দেখে অনেক শ্রমিক ফিরে যান। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।
এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ বলেন, ‘আমরা প্রতিদিন কাজের জন্য কারখানায় আসি। কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। আমরা চাই কারখানায় কাজ হোক। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমরা এখন কাজ করতে চাই।’
তারা আরও বলেন, ‘প্রতিদিন এসেই কোনো না কোনো ঝামেলা দেখি। সকালে এসেই শুনি কারখানা ছুটি, তাই চলে যাই। আজ আবার দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।’
এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলন, কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম চলছে না।
তিনি বলেন, আজ থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট নোটিশ এখনো তাদের কাছে পৌঁছায়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা কর্তৃপক্ষ সকালে ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন।
কেকে/ এমএস