বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে রাজনীতিবিদ হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশিত তালিকায় তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে।
তালিকার বিবরণে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর সময় দেশের বাইরে থেকেই বিএনপির নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে।
‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে শীর্ষস্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এ ছাড়া তালিকায় আছেন সৌদি আরবের বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এ তালিকায় আরও রয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তার পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনির নাম রাখা হয়েছে প্রয়াত ব্যক্তিদের তালিকায়।
উল্লেখ্য, ‘দ্য মুসলিম ৫০০’-এ প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ব্যক্তিদের বিভিন্ন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়; তাদের সবার নির্দিষ্ট সংখ্যাগত অবস্থান থাকে না।
কেকে/ এমএস