রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
জাতীয়
আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৩২ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম। এর আগে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করে নজরদারিতে রাখা হয়েছিল।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। পরে রাতেই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শুক্রবারই পাওয়া যায়। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রাথমিক কিছু তথ্য-প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন দুটি জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিসের সূত্রের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর জাহাঙ্গীর আলমকে তলব করা হয়েছিল।

মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে ‘জনগণ মৌমাছির মতো মাঠে নামবে’ বলে উল্লেখ করা হয়। একই বার্তায় ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার কথাও লেখা ছিল। বার্তায় বাংলাদেশকে উদ্ধারের কথাও বলা হয়।

তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিটকে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close