রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
খোলাকাগজ স্পেশাল
আতঙ্কের নগরে অসহায় মানুষ
রবিউল ইসলাম
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীর মোহাম্মদপুর যেন এখন আতঙ্কের আরেক নাম। প্রায় প্রতিদিনই ঘটছে ছিনতাই, চাঁদাবাজি, খুন ও রক্তক্ষয়ী সংঘর্ষ। এসব ঘটনার বেশির ভাগের নেপথ্যে রয়েছে আধিপত্য বিস্তার, মাদক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি। শুধু মোহাম্মদপুর নয়, কল্যাণপুর পোড়াবস্তিসহ আশপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ফুটপাত দখল, নির্মাণাধীন ভবন থেকে চাঁদা আদায় এবং কিশোর গ্যাংয়ের তৎপরতাও থামছে না। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও ক্ষোভ রয়েছে তাদের।

অপরাধীদের দমনে বিশেষ অভিযান ও ব্লক রেইড চালানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারও করা হচ্ছে অনেককে। কিন্তু তারপরও নিয়ন্ত্রণে আসছে না অপরাধমূলক কর্মকাণ্ড। সর্বশেষ গত শুক্রবার রাতে মোহাম্মদপুরের কলেজ গেটে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর কয়েক দিন আগে প্রতিষ্ঠানটির মালিকের কাছে এলাকার শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দিলে গুলি ও হত্যার হুমকিও দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, একসময় মোহাম্মদপুর, বসিলা, ৪০ ফিট, চন্দ্রিমা হাউজিং, চানমিয়া হাউজিং, ঢাকা উদ্যান ও বেড়িবাঁধ এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটত। এখন সেই অপরাধ ছড়িয়ে পড়েছে সলিমুল্লাহ রোড, কলেজ গেট, আসাদ গেট, রায়েরবাজার, বুদ্ধিজীবী রোড ও নূরজাহান রোডসহ বিভিন্ন আবাসিক এলাকায়। দিন-দুপুর থেকে শুরু করে রাতের আঁধারেও অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের সর্বস্ব কেড়ে নিচ্ছে ছিনতাইকারীরা। এ পরিস্থিতিতে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

কলেজ গেটে রেস্টুরেন্ট-ফার্মেসিতে গুলি, ৫০ লাখ টাকা চাঁদা দাবি :

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেটে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

জানা গেছে, ঘটনার কয়েক দিন আগে প্রতিষ্ঠানটির মালিকের কাছে শীর্ষ সন্ত্রাসীর নাম-পরিচয় ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে গুলি চালানো ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি যে ভবনে অবস্থিত, সেটির মালিক আওয়ামী লীগ নেতা ও ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন তার ছোট ভাই জুয়েল তালুকদার। ঘটনার কয়েক দিন আগে সাবেক কাউন্সিলর রাষ্ট্রনের কাছে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। রেস্টুরেন্টটি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয় থেকে খুব বেশি দূরে নয়। এমন গুরুত্বপূর্ণ এলাকায় গুলির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফ জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

গতকাল শনিবার এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের থানায় এজাহার দিতে বলা হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনদুপুরে ছিনতাই, অস্ত্রের আঘাতে জখম :

মোহাম্মদপুরে দিন-দুপুরেও নিরাপদে চলাচল করতে পারছেন না সাধারণ মানুষ। গত ১০ নভেম্বর দুপুরে আল্লাহ করিম মসজিদের পাশে ফুটওভার ব্রিজের নিচে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী মোহাম্মদ তানভীর রহমান নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ও নগদ ৬ থেকে ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এর আগে গত ৩ নভেম্বর লালমাটিয়া এলাকায় এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

গত ১৩ নভেম্বর ভোরে মোহাম্মদপুরের ৪০ ফিটসংলগ্ন লাউতলা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের নেতা আলামিনসহ তিনজনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গত ২১ অক্টোবর দুপুরেও মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের অনুপম গলিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় দুই তরুণ-তরুণী হেঁটে যাওয়ার পথে একটি অটোরিকশা থেকে নেমে সামুরাই হাতে দুই ছিনতাইকারী তাদের পথরোধ করে। কিছুক্ষণের মধ্যেই চাপাতি হাতে আরও দুজন তাদের সঙ্গে যোগ দেয়। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ফোন দিতে না চাইলে তরুণীকে কোপানোর হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করলেও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশায় করে পালিয়ে যায় তারা। দিনের বেলায় ব্যস্ত সড়কে এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর পরদিন ২২ অক্টোবর ভোরেও একই এলাকায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগে ১৩ অক্টোবর সলিমুল্লাহ রোডে এক যুবকের গলায় সামুরাই ঠেকিয়ে আইফোন ছিনিয়ে নেয় চার ছিনতাইকারী। সব মিলিয়ে ওই এলাকায় এক সপ্তাহে অন্তত পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

কঠোর বার্তা প্রশাসনের :

মোহাম্মদপুরে অপরাধ দমনে অভিযান ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদর দপ্তরের উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। 

তিনি বলেন, মোহাম্মদপুরে এসআরবির সদস্য ও অভিযান বাড়ানো হয়েছে। প্রতিদিনই ছোট-বড় অভিযান পরিচালিত হচ্ছে। আশা করছি, শিগগিরই এসব এলাকা থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ঘোষণা দিয়েছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না।

প্রযুক্তির মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ চলছে : 

রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আগামী এক বছরের মধ্যে কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

তিনি বলেন, বর্তমানে এলাকার ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতে ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করছে সরকার।

বর্তমানে বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদ গেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলের ১৫টি স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরায় দূরবর্তী দৃশ্যও বড় করে দেখার সুবিধা রয়েছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আতঙ্ক   নগর  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close