ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে দেশের তৈরি পোশাকশিল্প। শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি, মহাসড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। পরিস্থিতি সামাল দিতে ১৪৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ।
অন্যদিকে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে পুঁজি করে রাজনৈতিক ইন্ধনে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও দলটির সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে।
সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিকপক্ষের দাবি, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে পোশাকশিল্পের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর নেতারা বলছেন, মজুরি নিয়ে আলোচনার পরিবর্তে কারখানা বন্ধ ও দমনমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্প এখন উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।
পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা ও নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ, পরাজিত শক্তি এবং একটি নির্দিষ্ট মহল শ্রমিকদের ন্যায্য আন্দোলনের আড়ালে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। আন্দোলনে মিশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জড়িত বলেও অভিযোগ করছেন রাজনৈতিক নেতারা।
বিশেষজ্ঞদের মতে, দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার যে কোনো অপচেষ্টা শ্রমিক, মালিক ও সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পাশাপাশি শিল্পের স্বার্থ রক্ষায় সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ এখন সবচেয়ে জরুরি।
শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিকদের কাজে যোগ না দেওয়ায় সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) জরুরি বৈঠক করে। বৈঠকে শ্রমিকদের কাজে ফেরানো, কারখানার নিরাপত্তা নিশ্চিত করা, উৎপাদন সচল রাখা এবং চলমান সংকট উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। পরিস্থিতি বিবেচনায় মালিকদের বড় একটি অংশ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার পক্ষে মত দেন। ইতোমধ্যে সাভারের ৫০টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত জানাতে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ।
১৪৭ কারখানা বন্ধ, ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ঘোষণা :
চলমান শ্রম পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, নিম্নতম মজুরিকে কেন্দ্র করে একটি মহল পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি জানান, বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। মালিকপক্ষের অভিযোগ, কিছু বিপথগামী শ্রমিক বাইরের মহলের উসকানি ও প্ররোচনায় কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এমনকি এক কারখানা থেকে বের হয়ে অন্য কারখানার ফটকে গিয়ে ভাঙচুর এবং শ্রমিকদের জোরপূর্বক বের করে আনার ঘটনাও ঘটছে।
বিজিএমইএ সভাপতি বলেন, চলমান অস্থিরতায় পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয় মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে নিম্নতম মজুরি বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। শ্রমিক প্রতিনিধিরা অবশ্য চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একই দিন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মালিকপক্ষের মতে, নিরাপদ ও উৎপাদনবান্ধব পরিবেশ নিশ্চিত না হলে মজুরি বোর্ডের আলোচনাও কার্যকরভাবে এগিয়ে নেওয়া কঠিন।
এ অবস্থায় শ্রম অসন্তোষের কারণে উৎপাদন চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি।
তিনি বলেন, আশুলিয়া ও সাভার অঞ্চলের পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্পপ্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িত লাখো মানুষের কর্মসংস্থান রক্ষায় সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সংকট নিরসনে সরকার, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।
গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দিতে গেলে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শনিবার শ্রমিকরা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। শ্রমিকরা তিনটি স্থানে বারবার অবরোধের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজনৈতিক ইন্ধনের অভিযোগ :
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সূত্রপাত ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে। গত ৩১ অক্টোবর থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। আগামীকাল সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
মজুরি বোর্ড গঠন ও আলোচনার উদ্যোগ নেওয়ার পরও শিল্পাঞ্চলে অস্থিরতা পুরোপুরি কাটেনি। ১০ নভেম্বর থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে নতুন করে আন্দোলন ছড়িয়ে পড়ে। ১২ নভেম্বর দুই শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ বা ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়।
সংশ্লিষ্টদের অভিযোগ, শ্রমিকদের প্রকৃত মজুরি-সংকটকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক মহল শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি অংশ আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে। শ্রমিকদের মজুরি আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা শিল্পের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা।
তাদের মতে, শ্রমিকদের ন্যায্য দাবি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য করতে হবে। অন্যথায় প্রকৃত শ্রমিকদের দাবি আড়ালে পড়ে যাওয়ার পাশাপাশি শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সাভার-আশুলিয়া-গাজীপুরে অস্থিরতা :
দেশের প্রধান পোশাকশিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। কয়েক দিন ধরে এসব এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ না দেওয়া, বিক্ষোভ ও উৎপাদন বন্ধ থাকার ঘটনা ঘটছে। এতে রপ্তানি আদেশ নির্ধারিত সময়ে সম্পন্ন করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, সাভার-আশুলিয়া এলাকায় ৪১২টি পোশাক কারখানা রয়েছে। চলতি মাসে এসব কারখানার মধ্যে ১৫০টিতে অন্তত তিন থেকে ১২ দিন পর্যন্ত উৎপাদন ব্যাহত হয়েছে। মালিকদের আশঙ্কা, দীর্ঘস্থায়ী অস্থিরতা চলতে থাকলে উৎপাদন ও সরবরাহব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
শ্রমিক আন্দোলনের কারণে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। শ্রমিক সংগঠনগুলোর নেতারা বলছেন, শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়তে পারে। এতে আন্দোলন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
রপ্তানি আয় ও কর্মসংস্থানে বড় ঝুঁকি :
বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে এ খাত থেকে। একইসঙ্গে প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থান রয়েছে পোশাকশিল্পে, যাদের বড় অংশই নারী। দীর্ঘস্থায়ী শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হলে রপ্তানি আদেশ সময়মতো সরবরাহ করা কঠিন হয়ে পড়তে পারে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা, নতুন রপ্তানি আদেশ এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
শিল্পসংশ্লিষ্টদের মতে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান সচল রাখাও সমান গুরুত্বপূর্ণ। মজুরি নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান না হলে শ্রমিক ও মালিক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবেন। তাই চলমান সংকট নিরসনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর সমাধানে পৌঁছানো প্রয়োজন।
কেকে/ এমএস