রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
খোলাকাগজ স্পেশাল
ফ্যাসিবাদ ঠেকাতে নামছে রাজনৈতিক দলগুলো
রোকন উদ্দিন
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ডিসেম্বরে পতিত ফ্যাসিবাদী শক্তির যে কোনো অপতৎপরতা ও নাশকতা মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় মাসব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলগুলো। 

বিজয়ের মাসে কোনো ধরনের অস্থিরতা বরদাশত করবে না ক্ষমতাসীন দল বিএনপি। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুসংহত করতে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছে দলটি। এ লক্ষ্যে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বৈঠকের চিন্তাভাবনা করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে জামায়াত, এনসিপিও ডিসেম্বরে সব ধরনের নাশকতা ঠেকাতে সর্বশক্তি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে। ফ্যাসিবাদের অপতৎপরতা প্রতিরোধে নেতাকর্মীদের সব সময় সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন ঊর্ধ্বতন নেতারা। 

রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করবে বিএনপি :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই সময়ে যে কোনো নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলা করতে চায় ক্ষমতাসীন দল বিএনপি। এক্ষেত্রে ডিসেম্বর ঘিরে নেতাকর্মীদের ব্যস্ত রাখতে চায় দলটি। এজন্য সভা-সমাবেশ ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। শিগগিরই কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দলের বাইরে যুগপতের সঙ্গীদেরও মাঠে নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সস্প্রতি জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নির্বাচনি এলাকায় দলীয় এমপিদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে দলের একটি সূত্র জানিয়েছে, দেশের অবস্থা স্থিতিশীল রাখতে এবং নাশকতা ঠেকাতে প্রয়োজনে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকেও পাশে পাওয়ার চেষ্টা করবে বিএনপি। তারপরও অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেবে না দলটি।

কঠোরভাবে মাঠে থাকবে বিএনপি :

বিএনপি মনে করে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগকে চাঙা রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কৌশল। ওই সময়ে যে কোনো নাশকতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে দলটি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে মাঠে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে সাংগঠনিক সম্পাদকদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সংসদীয় দলের সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেন। 

তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে ঐক্য :

নাম না প্রকাশ করার শর্তে সরকার ও বিরোধী দলের একাধিক সূত্র জানিয়েছে, নাশকতা মোকাবিলায় প্রয়োজনে অন্য রাজনৈতিক দলগুলোকেও পাশে পাওয়ার চেষ্টা করা হবে। গত ১০ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনে দেওয়া বক্তব্যে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। তবে গণহত্যাকারীদের যে কোনো অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক প্রতিরোধও জরুরি। তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রয়োজনে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে। এক্ষেত্রে বিরোধী দলকে পাশে চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বলতে হবে কেন? তারাও তো জুলাইয়ের শক্তি। অপশক্তি মোকাবিলায় তাদেরও তো দায়িত্ব রয়েছে।’

ডিসেম্বর ঘিরে আসছে নতুন কর্মসূচি :

বিএনপির এক সাংগঠনিক সম্পাদক জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গত ৯ নভেম্বর নয়াপল্টনে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৈঠকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। আলোচনা সভা, পাড়া-মহল্লায় আন্দোলন, শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি আসতে পারে। এ বিষয়ে অচিরেই দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড :

ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে। গতকাল শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে রিজভী এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। সারা দেশে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুবদল।

এর আগে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে। কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে ব্যবস্থা :

বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি আওয়ামী লীগের পলাতক নেতাদের পুনর্বাসন বা আর্থিক সুবিধা নিয়ে আশ্রয় দেওয়ার চেষ্টা করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি। এক্ষেত্রে দল থেকে আজীবন বহিষ্কারসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলাপে এমন অবস্থানের কথা জানা গেছে। ঢাকার শাহজাহানপুরে সম্প্রতি এক কর্মিসভায় এ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। 

তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে বা অর্থের বিনিময়ে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন বা তাদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের কাউকেই ক্ষমা করা হবে না। এমনকি দলের কোনো নেতার নিকটাত্মীয়ও যদি এই অপরাধে জড়ান, তার বিরুদ্ধেও তাৎক্ষণিক সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘পলাতক স্বৈরাচারী শক্তি দেশের স্থিতিশীলতা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তাদের থেকে দেশকে রক্ষা করতে জাতীয়তাবাদী শক্তি ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প দেখছে না বিএনপি।’

সর্বশক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত-এনসিপি :

ডিসেম্বরে দেশে অস্থিতিশীলতা তৈরির যে কোনো অপচেষ্টা মোকাবিলায় সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মাসজুড়ে দলের একাধিক কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন তিনি। এসব কর্মসূচিতে দলের নেতাকর্মীদের সমস্ত শক্তি নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। 

শনিবার রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন’ অনিুষ্ঠিত হয়। সেখানে শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘ডিসেম্বর মাসজুড়ে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’

এদিকে ডিসেম্বরে যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম গত ৬ নভেম্বর জয়পুরহাটে এক সভায় বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। ডিসেম্বর মাসে আমরা মাঠে থাকব, আমাদের জনগণ মাঠে থাকবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফ্যাসিবাদ   রাজনৈতিক দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close