ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরো কম। ইইউর শীর্ষ ১১ পোশাক সরবরাহকারী দেশের মধ্যে বাংলাদেশের রপ্তানি কমেছে সবচেয়ে বেশি।
ইউরোস্ট্যাটের তথ্যে এ চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, একই সময়ে ইইউর সামগ্রিক পোশাক আমদানি কমেছে মাত্র ২ দশমিক ৪৬ শতাংশ। ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি কমার হার সামগ্রিক বাজারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউর মোট পোশাক আমদানি হয়েছে ৭০ দশমিক ৭২ বিলিয়ন ইউরো। আগের বছরের একই সময়ে এ আমদানি বেশি ছিল। আমদানির পরিমাণ কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ। একই সঙ্গে প্রতি কেজি পোশাকের গড় আমদানি মূল্য কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৯ ইউরো, যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৭৮ শতাংশ কম।
তবে বছরজুড়ে ইইউর পোশাক আমদানিতে ওঠানামা দেখা গেছে। জানুয়ারিতে আমদানি কমেছিল ১৫ দশমিক ০৪ শতাংশ। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে কমার হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। এরপর মে থেকে আগস্ট পর্যন্ত আমদানি বেড়েছিল ৩ দশমিক ৫৪ শতাংশ। কিন্তু সেপ্টেম্বরে আবারও আমদানি কমেছে ২ দশমিক ৭২ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে ইইউর সর্বোচ্চ পরিমাণ পোশাক আমদানি হয়েছিল। ফলে এবার উচ্চ ভিত্তির প্রভাবও রয়েছে।
বাংলাদেশের রপ্তানির চিত্র আরও উদ্বেগজনক। জানুয়ারি-এপ্রিল সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছিল ২০ দশমিক ৮৯ শতাংশ। মে-আগস্ট সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রপ্তানি কমার প্রবণতা পুরোপুরি কাটেনি। এ সময়ে কমার হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। সেপ্টেম্বরে আবারও রপ্তানি কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ। এ হার ইইউর সামগ্রিক বাজারের পতনের তুলনায় তিন গুণেরও বেশি।
বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বরে ইইউর পোশাক আমদানিতে মোট যে পরিমাণ মূল্য কমেছে, তার প্রায় ৬৯ শতাংশের জন্য দায়ী বাংলাদেশের রপ্তানি হ্রাস। অর্থাৎ ইউরোপের বাজারে সামগ্রিক আমদানি কমার তুলনায় বাংলাদেশের রপ্তানি কমার প্রভাব অনেক বেশি।
শুধু রপ্তানির পরিমাণ নয়, কমেছে বাংলাদেশের পোশাকের গড় বিক্রয়মূল্যও। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। অন্যদিকে প্রতি কেজি পোশাকের গড় মূল্য কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। ফলে প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭০ ইউরো। যা ইইউর সামগ্রিক গড় আমদানি মূল্যের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।
এতে বাংলাদেশের রপ্তানি আয় কমার ক্ষেত্রে পণ্যের পরিমাণ হ্রাসের পাশাপাশি মূল্য কমে যাওয়াও বড় ভূমিকা রেখেছে। মোট রপ্তানি মূল্য হ্রাসের অর্ধেকের কিছু বেশি এসেছে ইউনিট প্রাইস বা প্রতি কেজি পোশাকের দাম কমে যাওয়ার কারণে।
ইউরোপের বাজারে বাংলাদেশের অংশীদারত্বও কমেছে। ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউর মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ ছিল ২১ দশমিক ১০ শতাংশ। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ০৬ শতাংশে। অর্থাৎ ইউরোপের বাজারে বাংলাদেশের অবস্থান দুর্বল হচ্ছে।
অন্যদিকে বাংলাদেশের প্রধান প্রতিযোগী চীন ইউরোপের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে দেশটির পোশাক রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৪ দশমিক ২৫ বিলিয়ন ইউরো। ইইউর মোট পোশাক আমদানিতে চীনের অংশ বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশ হয়েছে, যা আগের বছর ছিল ৩২ দশমিক ০২ শতাংশ। সেপ্টেম্বরে ইইউর সামগ্রিক পোশাক আমদানি কমলেও চীনের রপ্তানি বেড়েছে ২ দশমিক ২১ শতাংশ।
ভিয়েতনামও রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রেখেছে। দেশটির পোশাক রপ্তানির মূল্য বেড়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ। যদিও রপ্তানির পরিমাণ কমেছে ৩ দশমিক ৫৫ শতাংশ। মূলত প্রতি কেজি পোশাকের গড় মূল্য ৮ দশমিক ১৮ শতাংশ বেড়ে যাওয়ায় রপ্তানি আয় বেড়েছে। কম্বোডিয়াও প্রতি কেজি পোশাকের মূল্য ৮ দশমিক ৪২ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে।
অন্যদিকে পাকিস্তান রপ্তানির পরিমাণ ১ দশমিক ২২ শতাংশ বাড়ালেও প্রতি কেজি পোশাকের দাম কমিয়েছে ১১ দশমিক ৩৭ শতাংশ। দেশটির প্রতি কেজি পোশাকের গড় মূল্য দাঁড়িয়েছে ১০ দশমিক ৯০ ইউরো, যা ইইউর বড় সরবরাহকারী দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার পোশাক রপ্তানি মূল্য ৮ দশমিক ৮ থেকে ১০ দশমিক ৭ শতাংশের মধ্যে কমেছে। তবে এসব দেশের তুলনায় বাংলাদেশের রপ্তানি পতন অনেক বেশি।
সংশ্লিষ্ট পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে একাধিক চাপ তৈরি হয়েছে। একদিকে রপ্তানির পরিমাণ কমছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পণ্যের গড় মূল্যও কমে যাচ্ছে। একই সময়ে চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো রপ্তানি আয় বাড়াতে সক্ষম হচ্ছে। বিশেষ করে ভিয়েতনামের ক্ষেত্রে রপ্তানির পরিমাণ কমলেও পণ্যের দাম বাড়িয়ে আয় বৃদ্ধি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ তৈরি করছে।
কেকে/ এমএস