রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
মাধবপুরে তাহেরীকে ঘিরে উত্তেজনা, অনিশ্চয়তায় মাহফিলে অংশগ্রহণ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:০২ পিএম
ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

হবিগঞ্জের মাধবপুরে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলনে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাকে মাহফিলে আসতে বাধা দেওয়ার দাবিতে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের বিক্ষোভ এবং প্রশাসনের পক্ষ থেকে মাহফিল বন্ধের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সামনে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার কাশিমনগর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে নেতাকর্মীরা মাহফিলে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করেন।

বিক্ষোভে এম শাহীন আলম রিপন বলেন, যেকোনো মূল্যে তাহেরীর ওয়াজে অংশগ্রহণ প্রতিহত করা হবে। তার অভিযোগ, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষে কথা বলে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন। এ সময় তিনি তাকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করেন।

পরে এম শাহীন আলম রিপন বলেন, ‘আমরা মাহফিলের বিরুদ্ধে নই, শুধু তাহেরীর অংশগ্রহণের বিরুদ্ধে। তিনি মাহফিলে এলে আমরা আন্দোলন করব।’

অন্যদিকে, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘সৎকাজে বাধা আসবেই। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হয়ে আল্লাহ ও তার রাসুলের বয়ান করব, ইনশাআল্লাহ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানাব।’

এদিকে, খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের সার্বিক তত্ত্বাবধানে মহাসম্মেলনের প্রস্তুতি চলছে। তবে তাহেরীর অংশগ্রহণ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তাকে নিরুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের আশঙ্কা, তাকে আমন্ত্রণ জানানো হলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনুষ্ঠান আয়োজনের বিষয়টি তুলে ধরে মাহফিল বন্ধ করে দেওয়া হতে পারে।

স্থানীয় একটি সূত্রের দাবি, তাহেরী বক্তা হিসেবে অংশ না নিলেও শ্রোতা হিসেবে মাহফিলে উপস্থিত হতে পারেন। তবে তার উপস্থিতির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, তার ভক্ত-অনুসারীরা মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা ও মুফতি তাহেরীর ঘনিষ্ঠ সহচর মুফতি মোজাম্মেল হক মাসুমী বলেন, ‘প্রশাসনের কাজ নয় কোনো বক্তাকে নিষিদ্ধ করা। মাহফিলের অনুমতির কথা বলে ভয় দেখিয়ে তাহেরীর আসাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এলাকার মানুষের ধর্মীয় চেতনা নিয়ে এ ধরনের খেলাধুলা বন্ধ করা প্রয়োজন।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পাঠানো বার্তারও কোনো জবাব দেননি তিনি।

স্থানীয় কয়েকজনের মতে, মাহফিলে অতিথিদের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধের সূত্রপাত হতে পারে। তবে এ বিরোধের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

মাহফিলের আয়োজকরা জানান, বিএনপি নেতৃবৃন্দ কেন এমন অবস্থান নিয়েছেন, তা তাদের বোধগম্য নয়। তারা সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং মাহফিলকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির কয়েকজন নেতার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা কথা বলতে আগ্রহী হননি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close