ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সকালে তাদের আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে মো. শাকিবুল হাসান, ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান, ধামরাইয়ের বাথুলি এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা এবং একই জেলার কাশিয়ানী থানার ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা।
পুলিশ জানায়, দীপংকর বালা ধামরাই মডেল টাউন এলাকার ছানোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। আর লেলিন বালা ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধামরাই থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিলেন বলে পুলিশের ধারণা। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। পলাতক অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস