রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় বাসের হেলপার ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাসটিও। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
বাসের যাত্রী আতিকুর ইসলাম অভিযোগ করেন, বাসের অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর তাকে জিম্মি করে রাখেন হেলপার ও সুপারভাইজার। এ সময় তার গলায় গামছা পেঁচিয়ে নির্যাতন করা হয়। তাকে উদ্ধারে মুকুল ও শাকিব এগিয়ে এলে চলন্ত বাস থেকেই তাদের লাথি মেরে নিচে ফেলে দেওয়া হয়। পরে তিনি চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা চিকলী এলাকায় বাসটির পথ আটকে দেন। এরপর স্থানীয় লোকজন বাসটি আটক করেন।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের সঙ্গে থাকা চাচা আতিক ইসলামের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় তাকে রক্ষায় মুকুল ও শাকিব এগিয়ে গেলে বাসের লোকজন তাদের চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে একটি উদ্ধারকারী দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে সড়ক দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, চলন্ত বাস থেকে ওই দুজনকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জানান, বাসের চালক ও হেলপারকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সায়মন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। বাসের হেলপার শফিক বুজুর (২৮) ও চালক আজির হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।
কেকে/ এমএস