পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্স কার্নিভাল’। তবে এই আয়োজন ঘিরেই উপকূলের পরিবেশ ধ্বংসের অভিযোগ উঠেছে। কার্নিভালের স্থান সম্প্রসারণ করতে গিয়ে সৈকতসংলগ্ন এলাকার দীর্ঘদিনের বেশ কিছু ঝাউগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, পর্যটন মৌসুমকে সামনে রেখে দেশি-বিদেশি পর্যটকদের বিনোদন দিতে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। তবে আয়োজনের অবকাঠামো নির্মাণ ও স্থান সম্প্রসারণের নামে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে পরিচিত ঝাউগাছ কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে।
ঝাউগাছ কাটার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার কমিটি। সংগঠনটির সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ‘পর্যটন খাতের বিকাশে কার্নিভাল বা উৎসবের আয়োজন হতে পারে। আমরা এর বিরোধী নই। কিন্তু বহু বছরের পুরোনো প্রাকৃতিক ঝাউবাগান কেটে এ ধরনের আয়োজন করা কোনোভাবেই কাম্য নয়। আমরা পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম মুন্না তার ব্যক্তিগত ফেসবুক পেজে ঝাউগাছ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবেশবাদী সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, ‘কার্নিভালের নামে যেভাবে নির্বিচারে দীর্ঘদিনের ঝাউগাছ কেটে ফেলা হচ্ছে, তাতে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। অথচ এ বিষয়ে সংশ্লিষ্টদের জোরালো কোনো ভূমিকা বা দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।’
বাপা কক্সবাজারের নেতা শাহী কামরানও তার ফেসবুক আইডিতে ঝাউগাছ কাটার প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানানো হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ঝাউগাছ কাটা বা পরিবেশ ধ্বংসের বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কেকে/ এসএমএন