দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশু এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় চার হাজার মানুষ। এর মধ্যে ডেঙ্গুতে ১ হাজার ৯৫২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৭২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও খুলনা বিভাগের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ ও রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ ও চট্টগ্রামে ৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।
বুলেটিনের তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ জন। এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২৫ হাজার ২৬৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে। এর মধ্যে নভেম্বরের প্রথম ১৪ দিনেই মারা গেছেন ৮০ জন। অক্টোবরে ১৭৪, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
ডেঙ্গুবিষয়ক বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
সব মিলিয়ে হাম ও ডেঙ্গুতে এক দিনে ১৬ জনের মৃত্যু এবং প্রায় চার হাজার মানুষের আক্রান্ত হওয়ার তথ্য জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
কেকে/এমএ