দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া (৬৭)। দলীয় কোন্দল, অভ্যন্তরীণ নির্যাতন ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় সব পদ থেকে পদত্যাগের পাশাপাশি রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগের কথা জানান।
লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় ২৫ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হন।
সংবাদ সম্মেলনে প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর দুই ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু ও সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। তার অভিযোগ, ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া মাঠে একটি জনসভায় বাবলু চৌধুরীর নির্দেশে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তার বাড়ি, দোকান ও বাবা-মায়ের কবর ভাঙচুরের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।
দেলোয়ার হোসেন আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বিরুদ্ধে ১৬টি মামলা করা হয়। এসব মামলায় তাকে এক বছর কারাগারে থাকতে হয়েছে। আদালত তাকে সব মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বলে দাবি করেন তিনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বর্তমানে আমি শারীরিকভাবেও অসুস্থ। দায়িত্বে থেকে যদি সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের উপকার করতে না পারি, তাহলে পদে থাকার কোনো যৌক্তিকতা নেই।’
সংবাদ সম্মেলনে দীর্ঘ রাজনৈতিক জীবনে তার কোনো ভুলত্রুটি বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেলোয়ার হোসেন বলেন, ‘কোনো চাপের কাছে মাথা নত করে নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় পদত্যাগ ও রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
কেকে/ এসএমএন