চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরক জয়ন্তী উদ্যাপনের আর মাত্র দুই দিন বাকি। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চললেও বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের একাংশে জমে থাকা আবর্জনার স্তূপ যেন কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেছে। এসব বর্জ্য থেকে ছড়ানো দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, পথচারী ও আশপাশের আবাসিক এলাকার বাসিন্দারা।
বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে এক নম্বর গেট পর্যন্ত বিস্তৃত প্রধান সড়কটি সৌন্দর্যের কারণে ‘হেভেন রোড’ নামে পরিচিত। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এ সড়ক দিয়ে যাতায়াত করেন। তবে জিরো পয়েন্ট থেকে প্রায় ২০০ মিটার দূরে সড়কের দুই পাশে জমে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। এতে সড়কটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আগামী বুধবার (১৮ নভেম্বর) হীরক জয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আসবেন অসংখ্য সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সরকারের উচ্চপদস্থ অতিথিরা। এমন গুরুত্বপূর্ণ আয়োজনের আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের পাশে আবর্জনার স্তূপ পড়ে থাকায় ক্যাম্পাসের সৌন্দর্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন ঘোষ বলেন, ‘হীরক জয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রধান সড়কের দুই পাশের আবর্জনা অপসারণ করে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক, তার ওপর সামনে বড় একটি উৎসব। এসব বিষয়ে কর্তৃপক্ষের আরও বেশি নজর রাখা উচিত।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুল হোসেন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে আমাদের একটি টিম কাজ করছে। আমি তাদের বিষয়টি জানিয়ে দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জায়গাটি পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।’
হীরক জয়ন্তীর মতো গুরুত্বপূর্ণ আয়োজনের আগে ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাই উৎসব শুরুর আগেই প্রধান সড়কের দুই পাশের আবর্জনা অপসারণে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন তারা।
কেকে/ এসএমএন