রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      
অর্থনীতি
প্রযুক্তি ও বিনিয়োগের নতুন দুয়ার খুলে ঢাকায় শেষ হলো ছয় প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী শনিবার (১৪ নভেম্বর) শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এসব প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, পেশাজীবী, বিনিয়োগকারী ও দর্শনার্থীরা অংশ নেন।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত প্রদর্শনীগুলোর মধ্যে ছিল ৩১তম বিল্ড সিরিজের আওতায় ৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী ও ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬; ২৮তম পাওয়ার সিরিজের আওতায় ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬ এবং ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬। এ ছাড়া অনুষ্ঠিত হয় অষ্টম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬।

নির্মাণ ও আবাসন খাতের প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি ও সরঞ্জাম, নির্মাণপ্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং উপকরণ, লিফট, এইচভিএসি এবং স্যানিটারি পণ্য প্রদর্শিত হয়। পাশাপাশি আবাসন প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন প্রকল্প, পণ্য ও সেবা উপস্থাপন করে। এসব আয়োজন আবাসন খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি করে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রদর্শনীতে বিদ্যুৎ উৎপাদন, সৌরশক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক লাইটিং প্রযুক্তির বিভিন্ন পণ্য ও সমাধান তুলে ধরা হয়। সৌর প্যানেল, মডিউল, ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার, মাউন্টিং সিস্টেম, এলইডি ও স্মার্ট লাইটিং প্রযুক্তি ছিল এসব প্রদর্শনীর অন্যতম আকর্ষণ।

অন্যদিকে, অষ্টম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬-এ পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ, পানি বিতরণ এবং স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্টের প্রযুক্তি ও সমাধান প্রদর্শিত হয়। এতে পানি ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা উপস্থাপন করে।

এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। পাঁচ শতাধিক বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়নের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা উপস্থাপন করে। প্রদর্শনীগুলো দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সম্ভাব্য বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখে।

এদিকে, একই সময়ে ১২-১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হয় ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬। আর্কিকানেক্ট ও সেমস-গ্লোবাল যৌথভাবে আয়োজিত এ উৎসবে স্থপতি, আবাসন খাতের উদ্যোক্তা, প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তি, শিল্পপ্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন।

উৎসবে বিশেষায়িত মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা, ডেল্টা অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও প্রশংসাপত্র পাওয়া প্রকল্পগুলোর উপস্থাপনা, ফোকাস গ্রুপ আলোচনা এবং বাংলাদেশের স্থাপত্যবিষয়ক বই ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থাপত্য প্রকল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়।

এর আগে গত ১০ নভেম্বর আইসিসিবির ২ নম্বর হলে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৬-এর গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্থাপত্যশিল্পে উদ্ভাবনী, টেকসই ও প্রেক্ষাপট-সংশ্লিষ্ট ভবন নকশার উৎকর্ষকে স্বীকৃতি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর্কিকানেক্ট ও সেমস-গ্লোবাল যৌথভাবে এ আয়োজন করেছে এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এর কৌশলগত অংশীদার।

বিল্ড সিরিজে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, জুমলায়ন, এসএস. লিমিটেড, রহিম স্টিল, একেএস ও আকিজ ইলেকট্রনিকস। এ ছাড়া শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের (ইডিবি) অংশগ্রহণে ছিল শ্রীলঙ্কা প্যাভিলিয়ন।

পাওয়ার সিরিজে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ওমেরা, হুয়াওয়ে, রহিম আফরোজ, সিমেন্স, পিডিএল, এসিআই, ওয়ালটন, ফকির টেকনোলজিস, ইউসিসি, আইকন সোলার, গ্রামীণ সোলার, ওরবেট গ্রিন এবং ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর আইসিসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রযুক্তির নতুন দুয়ার   বিনিয়োগের নতুন দুয়ার   ঢাকায় শেষ হওয়া   প্রদর্শনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close