কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।
শনিবার (১৪ নভেম্বর) রাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী নাফ নদীতে এ বিশেষ অভিযান চালায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।
শনিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নজরে আসে। এ সময় বোটটিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।
পরে আভিযানিক দল নদীতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এমএ