নতুন ধানের ঘ্রাণে উৎসবমুখর হয়ে উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার গ্রামগুলো। মাঠের সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের প্রত্যাশায় তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। নতুন চালের পিঠা, পায়েস আর আত্মীয়স্বজনের আপ্যায়নে গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে নবান্ন উৎসবের আমেজ।
উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার ব্যস্ততা। বাড়ির উঠানে নতুন ধান সেদ্ধ ও শুকানোর প্রস্তুতি নিচ্ছেন নারীরা। নতুন চাল ঘরে আসার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে পিঠাপুলি ও নানা রকম মুখরোচক খাবার তৈরির আয়োজন। এসব খাবার দিয়ে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়ন করছেন পরিবারের সদস্যরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে কৃষক পরিবারগুলোতে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পাড়ায় পাড়ায় চলছে নবান্নের আয়োজন। সময়ের পরিবর্তনে আগের মতো সব আনুষ্ঠানিকতা না থাকলেও নতুন চালের পিঠা-পায়েস তৈরি এবং স্বজনদের নিয়ে উৎসব করার ঐতিহ্য এখনো টিকে আছে।
নবান্ন বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে নতুন ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে এ উৎসব সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের প্রতীক হয়ে উঠেছে।
গ্রামীণ নবান্ন উৎসবকে ঘিরে বিভিন্ন স্থানে বসে মেলা। সেখানে জারি, সারি, মুর্শিদি, লালন ও পালাগানের আসরের পাশাপাশি আয়োজন করা হয় লাঠিখেলা ও বিচারগানের। মেলায় নাগরদোলা, পুতুলনাচ, সার্কাস ও বায়োস্কোপ শিশু-কিশোরদের বাড়তি আনন্দ জোগায়। পাশাপাশি মিঠাই-মিষ্টি, মাটির তৈরি সামগ্রী ও কাঠের তৈজসপত্রের দোকানও বসে। গ্রাম ছাড়িয়ে শহরের মানুষের মধ্যেও এখন নবান্নের খাবার ও ঐতিহ্য নিয়ে আগ্রহ বাড়ছে।
উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রামের বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান মাস্টার বলেন, ‘নবান্ন উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারে মিলনমেলার পরিবেশ তৈরি হয়। খাবারের আয়োজনে প্রধান স্থানজুড়ে থাকে নতুন ধানের চালের ক্ষীর, পায়েস, ভাত ও বিভিন্ন পদের তরকারি।’
মাত্রাই গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘নবান্ন উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়িতে মেয়ে, জামাই ও আত্মীয়স্বজনদের দাওয়াত দিয়ে বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়। এ উপলক্ষে এলাকার বিভিন্ন স্থানে দিনভর মেলা বসে। সেখানে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠিখেলা, নাগরদোলা ও চরকির পাশাপাশি মিঠাই-মিষ্টি, মাটির ও কাঠের তৈজসপত্রের বাহারি দোকান থাকে।’
এ বিষয়ে কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘এবার আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় ধানের ভালো ফলনের আশা করা হচ্ছে। কৃষকদের শ্রমিকের পাশাপাশি হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।’
নতুন ফসল ঘরে তোলার আনন্দ, পারিবারিক মিলনমেলা ও গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজনের মধ্য দিয়ে কালাইয়ে নবান্ন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কৃষকের ঘরে নতুন ধান ওঠার সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পাচ্ছে বাংলার চিরচেনা লোকজ সংস্কৃতি।
কেকে/ এসএমএন