সহকর্মীকে ছিনতাইকারীর কবল থেকে উদ্ধার করতে গিয়ে চলন্ত বাস থেকে সড়কে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন নীলফামারীর দুই নির্মাণশ্রমিক। নিহতরা হলেন মো. সাকিব ইসলাম (৩০) ও মুকুল ইসলাম (৩৫)।
রোববার (১৫ নভেম্বর) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের ক্ষিয়ারের জুম্মা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাকিব ইসলাম ও মুকুল ইসলাম নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বসুনিয়াপাড়া গ্রামের মো. লোকমান বসুনিয়া ও মো. কালু মামুদের ছেলে।
ঘটনার শিকার আতিকুল ইসলাম (৩২) জানান, তারা তিনজন কুমিল্লায় প্রায় তিন মাস রাজমিস্ত্রির কাজ করার পর শনিবার রাতে একসঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সাকিব ও মুকুল সাইমুন পরিবহনের একটি বাসে ওঠেন। ওই বাসে জায়গা না পেয়ে কিছুক্ষণ পর আতিকুল অন্য একটি বাসে ওঠেন।
আতিকুলের অভিযোগ, বাসটি রংপুর অতিক্রম করার পর চালকের সহকারী (হেলপার) তার কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে বাসের ভেতরে আটকে রাখা হয়। বিপদ বুঝতে পেরে তিনি সামনের বাসে থাকা দুই সহকর্মী সাকিব ও মুকুলকে মুঠোফোনে বিষয়টি জানান।
খবর পেয়ে দুই সহকর্মী তারাগঞ্জের ক্ষিয়ারের জুম্মা এলাকায় সামনের বাস থেকে নেমে আতিকুলকে উদ্ধারের জন্য পেছনের বাসে ওঠার চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, এ সময় ওই বাসের হেলপার চলন্ত অবস্থায় তাদের লাথি মেরে সড়কে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই সাকিব ও মুকুলের মৃত্যু হয়।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাণী ইসরাইল। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কেকে/ এসএমএন