আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ও করভার কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শুল্ক কমানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানির ক্ষেত্রে কমানো শুল্ক কার্যকর থাকবে।
এ ছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে কমানো করহার কার্যকর থাকবে। এ সময়ে এইচএস কোড ০৮০৫১০৯০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০ ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) দাখিলপত্র জমার সময়সীমা পরিবর্তন করা হয়েছিল। আগে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র জমার বাধ্যবাধকতা থাকলেও নতুন বিধানে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।
তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।
জারিকৃত অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
কেকে/এমএ