নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গবেষণাভিত্তিক সংগঠন বাউস্ট রিসার্চ সোসাইটি (বিআরএস)। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ বাড়ানো, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং গবেষণার নতুন সুযোগ তৈরির লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের (আরপিসি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ও কেক কেটে সংগঠনটির উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. একেএম নুরুল আমিন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসারসহ অন্য বক্তব্য দেন।
বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গবেষণার প্রসার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরিতে গবেষণাভিত্তিক সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, বাউস্ট রিসার্চ সোসাইটি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়াবে। একই সঙ্গে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও আন্তবিষয়ক গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করবে।
সংগঠনটির পরিচালক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক বলেন, ‘বাউস্ট রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হলো।’
কেকে/ এসএমএন