ঢাকা উত্তর সিটির রামপুরা ওয়াপদা রোডে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওয়াপদা রোডের তাকওয়া মসজিদের পাশে ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুইজন হলেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় ওই দুই কর্মীসহ আরও কয়েকজন কার্যালয়ে বসে কাজ করছিলেন। হঠাৎ চারজন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এক-দুই মিনিটের মধ্যেই তারা দৌড়ে পালিয়ে যায়। তাদের গুলিতে হাবিবুর ও সাজু আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’
চাঁদা দাবির অভিযোগ তুলে মাজহারুল ইসলাম জানান, দুই সপ্তাহ আগে স্থানীয় চাঁদাবাজ বাদশা, জনি ও তাদের সহযোগীরা মুঠোফোনে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তবে এখন পর্যন্ত সেই টাকা দেয়া হয়নি।
এর জের ধরেই আজ এই গুলির ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের ধারণা।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সাজু আহমেদ বলেন, ‘দুর্বৃত্তদের মধ্যে তিনজন কার্যালয়ের ভেতরে ঢুকেছিল এবং একজন বাইরে পাহারায় ছিল। ভেতরে ঢুকেই ওই তিনজন বলতে থাকে, ‘তোদেরকে এখানে ব্যবসায় করতে নিষেধ করেছি, এখনও বন্ধ করিস নাই কেন?’ এই বলেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে যায়।’
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘গুলিবিদ্ধ হাবিবুরের বাঁ হাতে এবং সাজুর ডান পায়ে গুলি লেগেছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।’
কেকে/এমএ