রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
জাতীয়
রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে অনিয়ম, কাঠগড়ায় মোস্তাক-রাহাত
শিপার মাহমুদ
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পিএম
মোস্তাক আহমেদ ও রাহাত মুসলেমীন

মোস্তাক আহমেদ ও রাহাত মুসলেমীন

ঢাকা উত্তর সিটির গুলশানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৎকালীন চেয়ারম্যানের সরকারি বাংলো সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র ৩০ লাখ টাকার প্রাথমিক প্রাক্কলনের কাজ শেষ পর্যন্ত দেখানো হয়েছে দুই কোটি ১৬ লাখ টাকা। শুধু ব্যয় বৃদ্ধিই নয়, দরপত্র আহ্বানের আগেই কাজের প্রায় ৮০ শতাংশ শেষ করার তথ্যও পেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনে এ ঘটনাকে নিয়মবহির্ভূত কাজ ও প্রহসনমূলক দরপত্র প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রাজউকের প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদ (চলতি দায়িত্ব) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ডিজাইন) রাহাত মুসলেমীনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদ। তার দাবি, তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি। বরং তদন্ত প্রতিবেদনে তাদের দায়মুক্ত করা হয়েছে। যদিও তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।  

দরপত্রের আগেই ৮০ শতাংশ কাজ :

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মার্চে কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই চেয়ারম্যানের বাংলো সংস্কারকাজ শুরু হয়। কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়।

তদন্ত কমিটির পর্যবেক্ষণে, এ দরপত্র প্রক্রিয়ায় সরকারি বিধিবিধান অনুসরণ করা হয়নি। কাজ শুরুর আগে দরপত্র আহ্বান না করে পরে দরপত্র আয়োজন করাকে প্রহসনমূলক হিসেবে উল্লেখ করেছে কমিটি।

অভিযোগ রয়েছে, আগে থেকেই কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিয়াজ ট্রেডার্সকে বৈধতা দিতেই এভাবে দরপত্রের আয়োজন করা হয়।

৩০ লাখের কাজে দুই কোটি ১৬ লাখ টাকা :

গুলশানের ৬ নম্বর সড়কের ১ নম্বর প্লটে অবস্থিত রাজউকের চেয়ারম্যানের বাংলো সংস্কারের প্রাথমিক প্রাক্কলন ছিল ৩০ লাখ টাকা। কিন্তু শেষ পর্যন্ত এ কাজের ব্যয় দেখানো হয়েছে দুই কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ প্রাথমিক প্রাক্কলনের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় সাত গুণ।

তদন্ত কমিটি এ ব্যয় বৃদ্ধিকে অযৌক্তিক বলে উল্লেখ করেছে। প্রতিবেদনে ব্যয়ের বিভিন্ন খাত, অনুমোদন প্রক্রিয়া ও বাস্তব কাজের পরিমাণের মধ্যে অসংগতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। তদন্ত কমিটির পর্যবেক্ষণে, ব্যয় বৃদ্ধির পেছনে পরিকল্পিত আর্থিক অনিয়মের ইঙ্গিত রয়েছে।

দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ :

বাংলো সংস্কারকাজের বিভিন্ন পর্যায়ে মোস্তাক আহমেদ ও রাহাত মুসলেমীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্ত কমিটি।

প্রতিবেদনে তাদের দায়িত্ব পালনে গুরুতর ব্যত্যয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ঘটনায় রাজউকের সাবেক চেয়ারম্যান মো. দিদিকুর রহমানের নামও এসেছে। তবে গত ২৪ অক্টোবর তার মৃত্যু হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোস্তাক আহমেদ খোলা কাগজকে বলেন, ‘নির্মাণকাজ প্রধান স্থপতি করেন না। এ কাজ করেন প্রকৌশলীরা। প্রকল্পের টেন্ডার আমি করিনি। ঠিকাদার নিয়োগ কিংবা বিলও দিইনি। তাহলে দুর্নীতি করব কীভাবে? আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’

তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘যিনি তদন্তের দায়িত্বে ছিলেন, তারও বোঝার ঘাটতি ছিল। ফলে বিষয়টি যথাযথভাবে বুঝতে পারেননি।’

তদন্তে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এ-সংক্রান্ত নথিপত্রও রয়েছে দাবি করলেও পরবর্তী একাধিক যোগাযোগ করলেও তিনি স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

অন্যদিকে রাহাত মুসলেমীন খোলা কাগজকে বলেন, ‘কোন টেন্ডারের মাধ্যমে কাজ হয়েছে, কারা কাজটি বাস্তবায়ন করেছে, কার স্বাক্ষরে বিল অনুমোদন হয়েছে; এসব নথি দেখলেই বিষয়টি পরিষ্কার হবে। আমি আগেও বিষয়টি পরিষ্কার করে বলেছি, তদন্ত প্রতিবেদনে বিষয়টি যথাযথভাবে উঠে আসেনি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজউক চেয়ারম্যান   বাংলো সংস্কারে অনিয়ম   কাঠগড়ায় মোস্তাক আহমদ   রাহাত মুসলেমীন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close