| শিরোনাম: |

ছবি: প্রতিনিধি
ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা। পূজাকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে পুরো শহর। সড়কে সড়কে দৃষ্টিনন্দন তোরণ, মণ্ডপে বাহারি আলোকসজ্জা আর নান্দনিক প্রতিমার সমারোহে তৈরি হয়েছে উৎসবের আমেজ। ধর্মীয় আয়োজনের পাশাপাশি এ উৎসব এখন মাগুরার মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও অবিচ্ছেদ্য অংশ।
রোববার (১৫ নভেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এ বছর মাগুরা জেলায় মোট ১০৬টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে কাত্যায়নী পূজা। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব এখন সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আত্মীয়স্বজন ও দর্শনার্থীদের আগমন শুরু হয়েছে। বিশেষ করে অষ্টমী ও নবমীতে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।
মাগুরার কাত্যায়নী পূজার ইতিহাস প্রায় ৭৬ বছরের। জেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, ১৯৫০ সালের দিকে শহরের পারনান্দুয়ালী এলাকার মুদি দোকানি সতীশ মাঝির হাত ধরে এ পূজার সূচনা হয়। শুরুর দিকে সীমিত কয়েকটি এলাকায় আয়োজন করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি বেড়েছে। আশির দশক পর্যন্ত ছানার বাবুর বটতলা, নিজনান্দুয়ালী, নতুন বাজার, বাটিকাডাঙ্গা ও জামরুলতলা এলাকায় পূজা অনুষ্ঠিত হতো। বর্তমানে মণ্ডপের সংখ্যা ও আয়োজনের ব্যাপ্তি অনেক বেড়েছে। মাগুরার এ উৎসব এখন এশিয়ার অন্যতম বৃহৎ কাত্যায়নী পূজা হিসেবে পরিচিতি পেয়েছে।
এবারের আয়োজনেও থাকছে নানা বৈচিত্র্য। পৌরসভা এলাকার জামরুলতলা, নতুন বাজার, ছানার বাবুর বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী ও পারনান্দুয়ালীসহ শহরের ১৪টি মণ্ডপ বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। প্রতিটি মণ্ডপ সাজানো হয়েছে স্বতন্ত্র পরিকল্পনা ও শিল্পভাবনায়। ছানার বাবুর বটতলার প্রতিমাশিল্পী উজ্জ্বল অধিকারী জানান, এবারের প্রতিমার থিমে আধুনিকতার ছোঁয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের নানা রহস্য তুলে ধরা হয়েছে।
নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস চঞ্চল বলেন, ‘ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অসংখ্য ভক্ত এ উৎসব উদ্যাপন করেন। এবার পৌরাণিক ঐতিহ্য অক্ষুণ্ন রেখে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে প্রতিটি মন্দির।’
নতুন বাজার স্মৃতি সংঘের সভাপতি ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি কনক কান্তি সাহা বলেন, ‘মাগুরার কাত্যায়নী পূজা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সব ধর্মের মানুষের অংশগ্রহণে এবারের আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।’ ছানার বাবুর বটতলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন।
পূজার পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। শহরের নতুন বাজার ও ছানার বাবুর বটতলায় বসেছে এ মেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঠের আসবাবসহ নানা সামগ্রীর পসরা সাজিয়েছেন। পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও মেলা চলবে আরও সাত দিন। ফলে পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে শহর।
কাত্যায়নী পূজার সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনি। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে ঈশ্বর, বন্ধু, স্বামী কিংবা পুত্র হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষায় গোপীরা এক মাস ধরে দেবী কাত্যায়নীর আরাধনা করেছিলেন। পূজার শেষ পর্যায়ে যমুনার তীরে বালু দিয়ে দেবীর প্রতিমা তৈরি করে তারা পূজা করেন। সেই ঘটনা থেকেই কাত্যায়নী পূজার প্রচলন। দুর্গাপূজার আদলে এ পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও এর বিশেষ বৈশিষ্ট্য হলো, দেবী দুর্গার কোলে শ্রীকৃষ্ণের প্রতিমা স্থাপন করা হয়। এর মধ্য দিয়ে দেবীর আরাধনার মাধ্যমে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা প্রকাশ পায়।
উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপকেন্দ্রিক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মণ্ডপের আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পুলিশ, এসআরবি, আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরজুড়ে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।
ঐতিহ্যের দীর্ঘ পথচলা, বর্ণিল আয়োজন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাগুরার কাত্যায়নী পূজা আজ এক অনন্য উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে এ আয়োজন হয়ে উঠেছে সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনের প্রতীক।
কেকে/ এসএমএন