রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গবেষণা কার্যক্রমের প্রসার ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থবছর ২০২৬-২৭-এর গবেষণা কার্যক্রমের আওতায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন অনুষদের ডিনরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের বিভিন্ন দিক, প্রয়োগপদ্ধতি ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিধিমালার বিভিন্ন বিষয় তুলে ধরে বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চলমান ও পরিকল্পিত গবেষণা কার্যক্রমের অগ্রগতি, গবেষণা পরিচালনায় প্রয়োজনীয় সমন্বয় এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি গবেষণার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
গবেষণা কার্যক্রমের উন্নয়ন এবং সরকারি ক্রয়সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে সংশ্লিষ্টদের ধারণা স্পষ্ট করতেই এ আয়োজন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
কেকে/ এসএমএন