গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সি-৬০১ নম্বর কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং জিবিসিডিসির মেন্টররা অনুষ্ঠানে অংশ নেন।
জিবিসিডিসির আজীবন মেন্টর তানিয়া আহমেদ তন্বি বলেন, ‘আমরা যখন শিক্ষার্থী ছিলাম, তখন এত সুযোগ-সুবিধা ছিল না। সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি পড়াশোনার প্রতিও মনোযোগী হতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘জিবিসিডিসির প্রতিষ্ঠার পেছনের দীর্ঘ ও কঠিন পথচলার কথা সবাই জানেন না। একটি সংগঠন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ প্রচেষ্টা ও পরিশ্রমের প্রয়োজন হয়। জিবিসিডিসির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকুক এ কামনা করি। সবার কাজের স্পৃহা ও কর্মদক্ষতা সংগঠনটিকে আরও এগিয়ে নেবে।’
জিবিসিডিসির সভাপতি বিদিতা চৌধুরী বলেন, ‘অঙ্কুর হয়ে জিবিসিডিসিতে এসেছিলাম, তবে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যেতে চাই। শিক্ষার্থীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সেমিনার, কর্মশালা, ক্যারিয়ারবিষয়ক ফেস্ট এবং অনলাইন-অফলাইন সেশনের মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ পাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে বহুদূর এগিয়ে নিতে চাই।’
কেকে/ এসএমএন