আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট গেমস (ডব্লিউআরজি) ২০২৬-এ অংশ নিতে জাপান যাচ্ছে বাংলাদেশের ৪৫ সদস্যের প্রতিনিধিদল। আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর জাপানের চিবা শহরে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় ২০টিরও বেশি দেশের তরুণ উদ্ভাবকদের সঙ্গে অংশ নেবে বাংলাদেশের শিক্ষার্থীরা। প্রতিনিধিদলের সব সদস্য ইতোমধ্যে জাপানের ভিসা পেয়েছেন।
সম্প্রতি ঢাকায় আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে ওয়ার্ল্ড রোবট গেমসের অফিসিয়াল কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টেক অটোক্র্যাটসের নেতৃত্বে এ দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।
জাপানে যাওয়ার সুযোগ তৈরি হয় গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ডব্লিউআরজি বাংলাদেশ জাতীয় পর্বের মাধ্যমে। টেক অটোক্র্যাটসের আয়োজনে ঢাকার উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সকার রোবট, প্রোগ্রামেবল লাইন রোবট, ইনোভেটিভ রোবট ও ওয়ান মিনিট গেম—এই চারটি বিভাগে ৩০০-এর বেশি প্রতিযোগী অংশ নেয়।
জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা প্রতিযোগীদের নিয়ে আয়োজন করা হয় আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প। সেখানে যাচাই-বাছাই শেষে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ২৫ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
নির্বাচিত শিক্ষার্থীরা হলেন আবদুল্লাহ আল ইস্তিয়াক আলভী, দেবজিৎ সাহা জিৎ, পার্থিব বিশ্বাস, এইচ এম শাহরিয়ার ইসলাম সিয়াম, ওলি আরহাম খান রাদিত, শায়েরী ফাইরোজ, কিঞ্জল নাগ দিব্য, ওলি আবসার খান অহি, মোহাম্মদ জাওয়াদ খান, মো. ফারহান সাদিক, মো. মাহিয়ান ইসলাম, ইস্তিয়াক আহম্মেদ, কাজী নাসিফ রাইয়ান, আশফাক সাদাত, মুশফিকুল ইসলাম, তামিম ইসলাম, মো. মিরাজ খান, মো. নিয়াজ মোর্শেদ সায়েম, উসমান আহমেদ রেজা, মো. হামজা হোসেন ফিহাম, আহনাফ বিন আশরাফ নাবিল, কায়সান আরিজ ভূঁইয়া জায়ান, ফারহান জাহিন আলভি, মুহাম্মদ মুনতাসির রহমান ও মেহমিত ইসলাম জারাফ।
বাংলাদেশ দলের নেতৃত্বে রয়েছেন ডব্লিউআরজির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রুবাইয়াত এইচ রহমান। টিম মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তাপশ সাহা, উম্মে হানি, আন নাফিউ, হাসিন ইসরাক চৌধুরী তাহা ও মো. তানভীর রহমান সাদ। এ ছাড়া দলের সঙ্গে থাকছেন ১৪ জন অভিভাবক ও পরিবারের সদস্য।
আয়োজকদের তথ্যমতে, আগামী ১৬ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে জাপানের উদ্দেশে রওনা হবে প্রতিনিধিদলটি।
জাপানের চিবা পোর্ট অ্যারেনায় ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার মূল পর্ব। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘রোবোবিল্ড: ইঞ্জিনিয়ারিং সাসটেইনেবল সিটিজ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন বিভাগে নিজেদের রোবটিক্স দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরবে বাংলাদেশের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে ১৯ নভেম্বর চিবা সিটি কালচার হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সব আয়োজন শেষে আগামী ২৩ নভেম্বর প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।
কেকে/ এমএস