ডিসেম্বরকে সামনে রেখে দেশজুড়ে অপতৎপরতা বাড়িয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ঝটিকা মিছিল, গুপ্ত হামলা, জুলাইপন্থিদের ওপর আক্রমণ, অগ্নিসংযোগ চালিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা চালানো হচ্ছে। এবার লগি-বৈঠার মহড়া চালিয়ে নাশকতার মাত্রা আরও বাড়ানোর পাঁয়তারা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি।
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে গতকাল রোববার লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা।
এদিকে সরকারের উচ্চা পর্যায়ের সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়া ও ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার। পরিস্থিতি দেখে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে। সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না। পরিস্থিতি নজরে রেখে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, দেশের বাইরে থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে, বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে।
গতকাল বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। এরপর তারা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিনের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।
অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। এরপর তারা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তারা উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন তারা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তারা। পরে তারা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
এদিকে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, গতকাল বিকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছিলেন বিএনপি নেতারা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত আটটার দিকে প্রথমে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব তাণ্ডব চালিয়েছেন।
সামান্তা শারমিনকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগের :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিন জানিয়েছেন, তিনি ফোনে হুমকি পেয়েছেন। তাকে গালাগালিও করা হয়েছে। গতকাল দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন দুপুর ১২টা ২৭ মিনিটে তাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছেন। তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। কিন্তু ছাত্রলীগে এই ব্যক্তির পদবি কী, তা তিনি বলতে রাজি হননি। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঠিকানা এই বাংলায় হবে না।
এর আগে অন্যদিকে গত শুক্রবার হত্যার হুমকি পাওয়ার কথা জানান জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতুও। আগের দিন (বৃহস্পতিবার) এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনাকে নাশকতা বলছেন নুসরাত তাবাসসুম। এ ছাড়া শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের চাপাতি হামলার শিকার হন ঢাবির ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলাম।
এদিকে আওয়ামী লীগের তাণ্ডবের পর গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এ জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। এ ছাড়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।
এদিকে উদ্ভুত পরিস্থিতিতে জেলায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে দায়িত্ব পালন করবেন। এ সময় তারা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্পিত দায়িত্ব পালন করবেন।
কেকে/ এমএস