সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      
খোলাকাগজ স্পেশাল
ঋণের পাহাড়—সুদের বোঝা
কিস্তির চাপে অর্থনীতি
আলতাফ হোসেন
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:২৪ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের সুদ-আসল পরিশোধের বাড়তি চাপে পড়েছে বর্তমান সরকার। একদিকে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ক্রমাগত বাড়ছে, অন্যদিকে দুর্বল রাজস্ব আয়, ব্যাংকিং খাতের সংকট ও উন্নয়ন ব্যয়ের চাপ সামাল দিতে হচ্ছে সরকারকে। আগামী ২০২৯-৩০ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের পরিমাণ বেড়ে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। 

এ পরিস্থিতিতে ঋণের বোঝা সামাল দিতে করের আওতা বাড়ানো, রাজস্ব খাতে সংস্কার, ব্যয়বহুল ঋণনির্ভরতা কমানো এবং উৎপাদনশীল বিনিয়োগে ঋণের অর্থ ব্যবহারের ওপর জোর দিচ্ছে সরকার। একই সঙ্গে আগের সরকারের সময়ে নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্ত দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা সম্মেলনে গতকাল রোববার এসব বিষয় উঠে আসে। অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনের এ সম্মেলনে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। 

সম্মেলনে সরকারের পক্ষ থেকে বলা হয়, ঋণ ব্যবস্থাপনার মূল প্রশ্ন শুধু কত টাকা ঋণ নেওয়া হচ্ছে, তা নয়; বরং সেই ঋণ কতটা দক্ষতার সঙ্গে উৎপাদনশীল খাতে ব্যবহার করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। ঋণের অর্থ এমন প্রকল্পে বিনিয়োগ করতে হবে, যেখান থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও পর্যাপ্ত আর্থিক মুনাফা আসবে। একই সঙ্গে ঋণ পরিশোধের সক্ষমতা তৈরিতে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত দেশের সরকারি ঋণের পরিমাণ ছিল প্রায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৬ শতাংশ। ২০২২ সালের জুনে এ ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ দুই বছরে সরকারি ঋণ বেড়েছিল প্রায় ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার। ২০০৯ সালে যা ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ঋণ পরিস্থিতির পাশাপাশি অর্থনীতিতে চাপ তৈরি করেছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ। ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে বাজেট ঘাটতি মেটানোর এ প্রবণতা মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছিল।

ঋণের সুদ পরিশোধেও বড় চাপ তৈরি হয়। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় দুই বছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ সাড়ে তিন গুণ বেড়েছিল। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

অন্যদিকে, আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, ২০২১ সালের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। ২০২৪ সালের ৩১ জুলাই তা নেমে আসে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে। বিদ্যুৎ ও সার ভর্তুকির প্রায় ৪০ হাজার কোটি টাকা অপরিশোধিত ছিল। জ্বালানি আমদানিতেও প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বকেয়া তৈরি হয়েছিল। উচ্চ খেলাপি ঋণে দুর্বল হয়ে পড়া ব্যাংকিং খাতও সরকারি-বেসরকারি বিনিয়োগের গতি কমিয়ে দিয়েছিল।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে সংস্থাটির শর্ত ও কর্মসূচি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ বিষয়ে আলোচনা ও সমন্বয়ের কাজ আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। 

তিনি বলেন, আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো নিরসনে দুই পক্ষের দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় শেষে ঋণ কর্মসূচি স্বাভাবিক ধারায় এগিয়ে নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয়েছিল আগের অনির্বাচিত সরকারের সময়ে। সে সময় যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করা হলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতি। 

এ কারণে আইএমএফের শর্ত বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার। ইতোমধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হয়েছে। একইভাবে আইএমএফের কর্মসূচিও সরকারের অগ্রাধিকার ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে আলোচনা চলছে। 

কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়ন প্রায় বন্ধ

সম্মেলনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত দুই বছরে ঋণ ব্যবস্থাপনায় কিছুটা অগ্রগতি হয়েছে। ২০২৪ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থাকলেও ২০২৬ সালের জুনে তা কমে ৪৮২ কোটি টাকায় নেমেছে। একই সময়ে আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সরকারি ঋণের ব্যয়ও কমেছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে। ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহ বাড়ানো হচ্ছে।
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে ডেট রিপোর্ট প্রকাশ, প্রাইমারি ডিলার ব্যবস্থা আধুনিকায়ন এবং জেপি মরগ্যানের জিবিআই-ইএম এজ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির বিষয়টিও তুলে ধরা হয়।

তবে ঋণ পরিশোধের চাপ কমেনি। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। ২০২৯-৩০ অর্থবছরে এ ব্যয় বেড়ে প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাজস্ব সংস্কারই প্রধান চ্যালেঞ্জ :

সম্মেলনে ঋণ ব্যবস্থাপনার টেকসই ভিত্তি তৈরিতে রাজস্ব খাত সংস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এ জন্য করের আওতা বাড়ানো, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর জোর দেওয়া হয়েছে।

পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাত পুনর্গঠন, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং পুরো ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগের কথা তুলে ধরা হয়। ঋণ গ্রহণের ক্ষেত্রে সস্তা ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণকে অগ্রাধিকার দেওয়া, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণ এড়িয়ে চলা এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজেট ঘাটতি পূরণ না করার নীতিতে থাকার কথা জানানো হয়।

ঋণ ব্যবস্থাপনায় আগাম পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা (অ্যানুয়াল বোরোয়িং প্ল্যান) এবং নতুন মধ্যমেয়াদি ঋণ কৌশল (এমটিডিএস) প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সরকারের ঋণ গ্রহণের পরিকল্পনা সম্পর্কে বিনিয়োগকারীরা আগেই ধারণা পাবেন।

উৎপাদনশীল ও উচ্চ মুনাফা অর্জনে সক্ষম প্রকল্পে ঋণের অর্থ বিনিয়োগ, চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করা এবং স্থানীয় বন্ড বাজারের গভীরতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ বাজারে পেনশন তহবিল, বিমা কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতের ভর্তুকি বকেয়া পরিশোধ, সরকারি গ্যারান্টির সীমা নির্ধারণ ও ফি আরোপ এবং এসব দায়ের তথ্য প্রকাশের সুপারিশ করা হয়েছে। ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে একীভূত ডেট ম্যানেজমেন্ট অফিস (ডিএমও) গঠন এবং আধুনিক পাবলিক ডেট অ্যাক্ট প্রণয়নের বিষয়টিও আলোচনায় এসেছে।

আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের পরিকল্পনা :

সম্মেলনে বাংলাদেশের আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপযুক্ত সময়ে মার্কিন ডলার ইউরোবন্ড, সুকুক, সামুরাই বন্ড ও পান্ডা বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের সঙ্গে নিষ্পত্তি সংযোগ স্থাপন এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্থানীয় বন্ড বাজার সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারের ভূমিকা বাড়ানোর কথাও বলা হয়েছে। এ জন্য সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণের ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সম্মেলনের লক্ষ্য, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বাস্তবসম্মত সুপারিশ তৈরি করা। তবে এসব লক্ষ্য অর্জনে ঋণের পরিমাণ বাড়ানোর পাশাপাশি রাজস্ব সক্ষমতা, বিনিয়োগের মান এবং ঋণ পরিশোধের সামর্থ্য নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় পরীক্ষা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close