বিগত আহ্বায়ক কমিটি নিয়ে নানা অভিযোগ, সাংগঠনিক দুর্বলতা এবং নেতাকর্মীদের মধ্যে বিরোধের প্রেক্ষাপটে ঢাকা মহানগর উত্তর বিএনপিকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় বিএনপি। এ লক্ষ্যে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে দলটি। দায়িত্ব পাওয়ার পর থেকেই মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব পুনর্বিন্যাস এবং তৃণমূলের সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নে কাজ শুরু করেছেন নতুন নেতৃত্ব।
নতুন নেতৃবৃন্দ বলছেন, ওয়ার্ড ও থানা পর্যায়ে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে এবার কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে— আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা, সাংগঠনিক দক্ষতা, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থাকার বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে চাঁদাবাজি, দখলদারত্ব ও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের নেতৃত্বে না রাখার বিষয়টিও গুরুত্ব পাবে।
গত ১ নভেম্বর বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এর আগে ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল।
মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দল এই সিদ্ধান্ত নেয়। নতুন নেতৃত্বকে দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে নতুন কমিটির পরবর্তী পদক্ষেপ হিসেবে থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক পুনর্বিন্যাসের বিষয়টি সামনে আসছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, গার্মেন্টস খাতকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির যে পাঁয়তারা চলছে, তা রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার পাঁচ বছরের দায়িত্ব পেয়েছে। এ সময়ে কেউ অহেতুক রাজপথে নেমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করবেন।
তিনি বলেন, আগামী দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপিকে একটি আধুনিক, সামাজিক ও নগর উন্নয়নমুখী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। রাষ্ট্র ও দেশ গঠনে বিএনপির ভূমিকা আরও শক্তিশালী করতে ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
মিল্টন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করবেন। ছাত্রদল ও যুবদলের রাজনীতি থেকে উঠে আসা নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে সুসংগঠিত করার কাজ করবেন তারা। ফ্যাসিবাদী সরকারের আমলে দীর্ঘ ১৮ বছর রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যেভাবে সক্রিয় ছিলেন, ভবিষ্যতেও জনগণের স্বার্থে একইভাবে রাজপথে থাকবেন।
তৃণমূলের নেতাদের মূল্যায়নে নতুন নেতৃত্ব
মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কাঠামোতে মোট ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড রয়েছে। এসব ইউনিটে দলীয় কার্যক্রম আরও সক্রিয় করতে নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন, মামলা-হামলার শিকার হয়েছেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ধরে রেখেছেন, তাদের মূল্যায়নের দাবি রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে।
নতুন কমিটি গঠনের ক্ষেত্রে শুধু পদপ্রত্যাশী বা কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠদের বিবেচনা না করে মাঠপর্যায়ের কর্মীদের মূল্যায়নের দাবি উঠেছে। কোন থানা বা ওয়ার্ডে কার সাংগঠনিক গ্রহণযোগ্যতা রয়েছে, কারা নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নেন এবং কারা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে পারেন, সেসব বিষয় যাচাই করে কমিটি গঠনের পরামর্শ তৃণমূলের।
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের কাছে তৃণমূলের প্রত্যাশা অনেক। তাদের মতে, নতুন আহ্বায়ক কমিটির জন্য এটি কেবল পদ বণ্টনের কাজ নয়, বরং সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনারও পরীক্ষা। নতুন নেতৃত্ব কতটা নিরপেক্ষভাবে থানা ও ওয়ার্ড কমিটি গঠন করতে পারে, কতটা কার্যকরভাবে চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগ নিয়ন্ত্রণ করতে পারে এবং তৃণমূলের আস্থা অর্জন করতে পারে, তার ওপরই নির্ভর করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক অবস্থান।
চাঁদাবাজি ও দখলদারত্ব নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ
নতুন নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হচ্ছে দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের প্রবণতা বন্ধ করা। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহন, বাজার, ফুটপাত ও বিভিন্ন স্থাপনা ঘিরে চাঁদাবাজি এবং দখলদারত্বের অভিযোগ যেন দলীয় পরিচয়ের কারণে প্রশ্রয় না পায়, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজন বলে মনে করছে সংশ্লিষ্টরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রক্ষমতায় থাকা দলের সাংগঠনিক শাখার জন্য জনসম্পৃক্ততা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় দলের ভাবমূর্তি নির্ভর করবে স্থানীয় নেতাকর্মীদের আচরণ এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্কের ওপর। এ ক্ষেত্রে নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সাংগঠনিক দক্ষতার পরীক্ষা হবে তৃণমূলের কমিটি গঠন এবং বিতর্কিত কর্মকাণ্ড নিয়ন্ত্রণের মধ্য দিয়ে।
কেকে/ এমএস