রোববার গোপালগঞ্জ শহরে যা ঘটেছে, তা যে কোনো রাজনৈতিক কর্মসূচির সীমা ছাড়িয়ে গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম নিয়ে মিছিল করেছেন। জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর হয়েছে। সরকারি কলেজের ফটকের নামফলক বদলে দেওয়া হয়েছে। সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় পৌনে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে স্লোগান দেওয়া হয়েছে। অথচ শহরের নানা স্থানে পুলিশ উপস্থিত থাকলেও তাদের কার্যকর তৎপরতা চোখে পড়েনি। এই নীরবতা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।
ঘটনাটি বিচ্ছিন্ন নয়। গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়, কয়েকটি দোকান ভাঙচুর হয় এবং পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। তার আগে ২৫ অক্টোবর গোপালগঞ্জ সদরে মিছিল থেকে টহল পুলিশের ওপর হামলা ও পুলিশের যানবাহন ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় এবং ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক এ ধরনের ঘটনার ধারাবাহিকতা বলে দিচ্ছে, এটি পরিকল্পিত শক্তি প্রদর্শন। এর লক্ষ্য রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানো এবং জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচিহ্নকে অবমাননা করা।
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত প্রকাশ ও সমাবেশের অধিকার স্বীকৃত। কিন্তু অস্ত্র হাতে মিছিল, সরকারি স্থাপনা ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর এবং পুলিশের ওপর চড়াও হওয়া কোনো অধিকারের মধ্যে পড়ে না। এ ধরনের কর্মকাণ্ডে ছাড় দেওয়া হলে অন্য অঞ্চলেও একই প্রবণতা ছড়াতে পারে। আবার অতি-প্রতিক্রিয়ায় নির্বিচার গ্রেপ্তার বা প্রতিহিংসামূলক অভিযান হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, পরিস্থিতিও আরও জটিল হবে। তাই সরকারকে কঠোর ও আইনানুগ হতে হবে, দৃঢ় ও নিরপেক্ষ থাকতে হবে।
এ পরিস্থিতিতে সরকারের প্রথম করণীয় হলো রোববারের ঘটনায় জড়িতদের ভিডিও ও আলোকচিত্রের সাহায্যে শনাক্ত করে বিদ্যমান আইনে মামলা করা। নেতৃত্বদানকারী ও উসকানিদাতাদের আগে আইনের আওতায় আনতে হবে। অজ্ঞাতনামা আসামির তালিকা দীর্ঘ করে সাধারণ মানুষকে হয়রানির সুযোগ রাখা যাবে না। একই সঙ্গে ঘটনার সময় মাঠে উপস্থিত থেকেও পুলিশ কেন কার্যকর ব্যবস্থা নেয়নি, তা বিভাগীয় তদন্তে নির্ণয় করতে হবে। দায়িত্বে অবহেলা বা অসহযোগিতা প্রমাণিত হলে ব্যবস্থা নিতে হবে, আবার পুলিশের মনোবল ও নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
জুলাই স্মৃতিস্তম্ভসহ সংবেদনশীল স্থাপনার নিরাপত্তায় সিসিটিভি ও নিয়মিত পাহারার ব্যবস্থা করা জরুরি। ভাঙচুরের ক্ষতি দ্রুত মেরামত করতে হবে, যাতে অপরাধীরা বিজয়ের বার্তা দিতে না পারে। টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ পর্যন্ত একই ধরনের ঘটনা ঘটলেও কেন পূর্বপ্রস্তুতি ছিল না, সে প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে। জড়ো হওয়া ও অস্ত্র সংগ্রহের তথ্য আগেভাগে পেতে স্থানীয় গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে হবে। আইনের প্রয়োগে সমতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাও সমান গুরুত্বপূর্ণ।
গ্রেপ্তার, রিমান্ড ও মামলার প্রতিটি ধাপে আইনি প্রক্রিয়া মানতে হবে। কেউ যেন রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানির শিকার না হন, আবার কেউ যেন সেই পরিচয়ের আড়ালে বিচারের ঊর্ধ্বে না থাকেন। পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক নেতাদের নিয়ে শান্তি ও সম্প্রীতির উদ্যোগ নেওয়া দরকার।
শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক ও স্মৃতিচিহ্ন নিয়ে বিরোধ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে, সংঘাতের মাধ্যমে নয়। রাষ্ট্র দুর্বল প্রতীয়মান হলে সহিংসতার ঝুঁকি বাড়ে। গোপালগঞ্জের মানুষ স্বস্তিতে থাকতে চান, আতঙ্কে নয়। সরকারের উচিত এখনই দৃশ্যমান, আইনসম্মত ও নিরপেক্ষ পদক্ষেপ নিয়ে সেই আস্থা ফিরিয়ে আনা।
কেকে/ এমএস