সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      
খোলা মত ও সম্পাদকীয়
জ্বালানি সংকটে ডুবছে পাকিস্তান, তবু বাংলাদেশকে শেখাতে চায় কেন
সিয়াম সারোয়ার জামিল
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে অভিজ্ঞতা ও সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিকের সঙ্গে বাংলাদেশের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। ওই বৈঠকের আলোচনায় উঠে এসেছে জ্বালানি সরবরাহ, বিকল্প আমদানির পথ, ভর্তুকি এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়। 

কিন্তু এই প্রস্তাবের মধ্যেই রয়েছে এক গভীর বৈপরীত্য। যে পাকিস্তান নিজের বিদ্যুৎ খাতের বিপুল ঋণ, জ্বালানি আমদানির ব্যয়, উৎপাদন সক্ষমতার অপব্যবহার এবং দীর্ঘস্থায়ী আর্থিক অব্যবস্থাপনা সামাল দিতে হিমশিম খাচ্ছে, সেই দেশ বাংলাদেশকে জ্বালানিসংকট মোকাবিলার পথ দেখাবে কীভাবে?

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে উদ্বেগের। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটলে বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়। বাংলাদেশের মোট এলএনজি আমদানির একটি উল্লেখযোগ্য অংশ কাতার থেকে আসে। ফলে বিকল্প উৎস ও সরবরাহপথ খুঁজে বের করা জরুরি। কিন্তু সংকটের সময় ভুল দেশের অভিজ্ঞতাকে অনুসরণ করলে সমস্যার সমাধানের পরিবর্তে নতুন সংকট তৈরি হতে পারে।

পাকিস্তানের জ্বালানি খাতের ইতিহাস মূলত ভুল পরিকল্পনা, ঋণের বোঝা, ব্যয়বহুল বিদ্যুৎ চুক্তি এবং দুর্বল প্রশাসনিক সক্ষমতার ইতিহাস। তাই প্রশ্ন উঠছে, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের আদৌ কী শেখার আছে? যে রাষ্ট্র নিজের জ্বালানি খাতকে আর্থিক বিপর্যয় থেকে উদ্ধার করতে পারেনি, তার পরামর্শ বাংলাদেশের জন্য কতটা কার্যকর? আর দ্বিপক্ষীয় সহযোগিতার নামে বাংলাদেশ কি আরেকটি ব্যর্থ জ্বালানি ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে? 

জ্বালানি ব্যবস্থাপনায় পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ 

পাকিস্তানের জ্বালানি খাতের প্রকৃত চিত্র বুঝতে রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে সরকারি পরিসংখ্যানের দিকে তাকানো জরুরি। ২০২৬ সালের ২০ অক্টোবর পাকিস্তানের জাতীয় সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন শেষে দেশটির বিদ্যুৎ খাতের সার্কুলার ডেট বা চক্রাকার ঋণ দাঁড়িয়েছে ৬.০ বিলিয়ন ডলার (১ দশমিক ৬৭৫ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি)। 

গ্যাস খাতের চক্রাকার ঋণ আরও বেশি- ১৩.০ বিলিয়ন ডলারে (৩ দশমিক ৬৩১ ট্রিলিয়ন রুপি)।  শুধু এক বছরে গ্যাস খাতের ঋণ বেড়েছে ৩৪৪ বিলিয়ন রুপি। বিদ্যুৎ খাতের ঋণও ৩৪ বিলিয়ন রুপি বৃদ্ধি পেয়েছে।বিদ্যুৎ খাতের চক্রাকার ঋণের ক্ষেত্রে বাংলাদেশ এখন তুলনামূলকভাবে ভালো অবস্থানে। 

গ্যাস খাতে বাংলাদেশের পেট্রোবাংলার গ্যাস ও এলএনজি আমদানিজনিত বকেয়া ও দায় প্রায় ১.০ বিলিয়ন ডলার (১১,৬৩৪ কোটি টাকা), যা পাকিস্তানের চেয়ে ১৩ গুণ কম। এখানে আরও উদ্বেগজনক বিষয় হলো, পাকিস্তানের গ্যাস খাতের মোট ৩ দশমিক ৬৩১ ট্রিলিয়ন রুপির ঋণের মধ্যে ১ দশমিক ৭৮৩ ট্রিলিয়ন রুপি বিলম্বিত পরিশোধের সারচার্জ। অর্থাৎ ঋণের বোঝা শুধু জ্বালানি কেনার কারণে তৈরি হচ্ছে না; দীর্ঘদিনের আর্থিক অব্যবস্থাপনাও এই সংকটকে আরও গভীর করছে।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনেও বিদ্যুৎ খাতের কাঠামোগত দুর্বলতার কথা উঠে এসেছে। দেশটির বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে সামগ্রিক প্রযুক্তিগত ও বাণিজ্যিক ক্ষতির হার প্রায় ১৮ শতাংশ। একই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুতের মোট ব্যয়ের ৩৮ শতাংশ, অর্থাৎ ১৭ দশমিক ০১ পাকিস্তানি রুপি ছিল সক্ষমতা বাবদ চার্জ। বিদ্যুৎ উৎপাদন না হলেও বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ধরে রাখার জন্য বিপুল অর্থ পরিশোধ করতে হচ্ছে।এমন একটি জ্বালানি ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য আদর্শ হতে পারে না। বরং পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের নীতিনির্ধারকদের জন্য সতর্কবার্তা হওয়া উচিত।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করলে দেখা যায়, জ্বালানি খাতে বাংলাদেশেরও অনেক সমস্যা রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।

বিশ্বব্যাংকের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৯৯ দশমিক ৫ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। পাকিস্তানে এই হার ৯৫ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ বিদ্যুৎপ্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ ৩ দশমিক ৮ শতাংশ পয়েন্ট এগিয়ে।বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের ১৪ অক্টোবর ২০২৬-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের ১০০ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। দেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৬৮৮ মেগাওয়াট এবং ২০২৬ সালের ২০ মে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১৭ হাজার ২০১ মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ৫ কোটি ৫ লাখের বেশি।

আরও গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যায় বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে অপচয়ের ক্ষেত্রে। বিশ্বব্যাংকের তথ্যভিত্তিক ২০২৪ সালের তুলনামূলক পরিসংখ্যানে বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে ক্ষতির হার ৮ দশমিক ২ শতাংশ। পাকিস্তানে এই হার ১৫ দশমিক ২ শতাংশ। অর্থাৎ পাকিস্তানের তুলনায় বাংলাদেশের বিদ্যুৎ অপচয়ের হার প্রায় অর্ধেক। এই সূচকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ পথে হারিয়ে গেলে উৎপাদন বাড়িয়েও প্রকৃত সরবরাহের সমস্যা সমাধান করা যায় না।

বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ বিতরণে ক্ষতির হার আরও কমে ৭ শতাংশে এসেছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। বিপরীতে পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিদ্যুৎ বিতরণ খাতে ২৬৫ বিলিয়ন পাকিস্তানি রুপির আর্থিক ক্ষতি হয়েছে। কোনো বিতরণ কোম্পানিই নির্ধারিত ক্ষতির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

এই তুলনা থেকে একটি বিষয় স্পষ্ট- বাংলাদেশের জ্বালানি খাতে সংকট থাকলেও বিদ্যুৎপ্রাপ্তি সম্প্রসারণ এবং সিস্টেম লস নিয়ন্ত্রণে দেশটি পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

উভয় দেশের এই সংকটের পেছনে প্রধান কারণ ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। বাংলাদেশের প্রধান সংকটের জায়গা হলো ডলার সংকট, এলএনজি ও কয়লা আমদানির বকেয়া এবং অলস বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ। বিপরীতে, পাকিস্তানের জ্বালানি খাত বিপর্যস্ত হচ্ছে বিদ্যুৎ বিতরণ লাইনের চুরি ও সিস্টেম লস, বিপুল পরিমাণ লেট পেমেন্ট সারচার্জ এবং চীনা বিদ্যুৎকেন্দ্রের (সিপিইসি) ঋণ পরিশোধের তীব্র চাপে। এর ফলে বিদ্যুতের মূল্য পরিস্থিতিতেও বড় ব্যবধান তৈরি হয়েছে; বাংলাদেশে বিদ্যুতের দাম তুলনামূলক কম হলেও ভর্তুকি কমাতে দফায় দফায় তা বাড়ানো হচ্ছে, আর পাকিস্তানে বিদ্যুতের ট্যারিফ বা মূল্য ইতিমধ্যেই অত্যন্ত উচ্চ, যা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। 

২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাংলাদেশের চেয়ে প্রায় ৩০% থেকে ৪০% বেশি, যা পাকিস্তানের শিল্প খাতের প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দিচ্ছে। বাংলাদেশে এরকম উচ্চ বিল হলে পুরো শিল্পখাত ধসে পড়বে। 

বাংলাদেশের নিজের সংকট আছে, কিন্তু পাকিস্তান সমাধান নয়

পাকিস্তানের জ্বালানি খাতের একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো সৌরবিদ্যুতের দ্রুত বিস্তার। উচ্চ বিদ্যুৎমূল্য এবং গ্রিডনির্ভর বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তার কারণে দেশটির সাধারণ মানুষ নিজস্ব অর্থায়নে ছাদে সৌর প্যানেল স্থাপন করেছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশেরও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো প্রয়োজন।

কিন্তু পাকিস্তানের সৌরবিদ্যুৎ বিপ্লবের আরেকটি দিক রয়েছে। পরিকল্পিত গ্রিড আধুনিকায়ন, বিদ্যুৎ সংরক্ষণ এবং বিতরণব্যবস্থার উন্নয়নের সঙ্গে এই সম্প্রসারণ যথাযথভাবে সমন্বিত হয়নি। ফলে গ্রিডের ওপর চাপ, বিদ্যুৎ বিতরণ কোম্পানির আর্থিক সংকট এবং বিদ্যুতের চাহিদা ব্যবস্থাপনা নিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে।

বাংলাদেশের জন্য শিক্ষা হলো, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ করতে হবে পরিকল্পিতভাবে। শুধু প্যানেল আমদানি করলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে না। ব্যাটারি স্টোরেজ, স্মার্ট গ্রিড, নেট মিটারিং এবং সঞ্চালন অবকাঠামোর উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের সৌরবিদ্যুৎ সম্প্রসারণের ইতিবাচক দিক গ্রহণ করা যেতে পারে, কিন্তু তার অপরিকল্পিত ব্যবস্থাপনা অনুসরণ করা উচিত নয়।

বাংলাদেশের জ্বালানি খাতও সমালোচনার ঊর্ধ্বে নয়। আমদানিনির্ভর এলএনজি ও জ্বালানি তেল, ডলার সংকট, বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সঙ্গে চুক্তি এবং গ্যাস অনুসন্ধানে দীর্ঘদিনের দুর্বলতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে রেখেছে।

আন্তর্জাতিক অলাভজনক গবেষণা ও থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স এন্ড ফিনান্সিয়াল এনালাইসিসের (আইইএফএ) ২০২৪ সালের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যয় ২ দশমিক ৬ গুণ বেড়েছে, অথচ আয় বেড়েছে ১ দশমিক ৮ গুণ। এই সময়ে বিদ্যুৎ খাতে সরকারকে মোট ১ হাজার ২৬৭ বিলিয়ন টাকা বা ১ লাখ ২৬ হাজার ৭০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।

এই তথ্য বাংলাদেশের জন্যও অস্বস্তিকর। কিন্তু এখানেই পাকিস্তানের সঙ্গে পার্থক্যটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নিজের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে পারে। পাকিস্তানের কাছ থেকে শিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং বাংলাদেশের উচিত ভারত, নেপাল, ভুটান, জাপান, মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহকারী দেশ এবং আন্তর্জাতিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সহযোগিতা বাড়ানো।

ইসলামাবাদের বৈঠকে পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী বিকল্প জ্বালানি সরবরাহ, সৌদি আরব ও কাতারের সঙ্গে যোগাযোগ এবং লক্ষ্যভিত্তিক ভর্তুকির অভিজ্ঞতা তুলে ধরেছেন। এগুলো কূটনৈতিক আলোচনার বিষয় হতে পারে। কিন্তু পাকিস্তানের জ্বালানি নীতিকে বাংলাদেশের জন্য মডেল হিসেবে বিবেচনা করার কোনো যৌক্তিকতা নেই।

বাংলাদেশের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের উচিত জ্বালানি নিরাপত্তাকে জাতীয় অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা। আমদানির উৎস বহুমুখীকরণ, নিজস্ব গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পুনর্মূল্যায়ন এবং সঞ্চালনব্যবস্থার আধুনিকায়নকে অগ্রাধিকার দিতে হবে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের স্বার্থের পরিপন্থি নয়। কিন্তু জ্বালানি নীতিতে অন্ধভাবে পাকিস্তানের অভিজ্ঞতা গ্রহণ করা হবে একটি বড় ভুল। যে দেশ নিজের বিদ্যুৎ ও গ্যাস খাতে ৫ দশমিক ৩ ট্রিলিয়ন রুপির ঋণের বোঝা বহন করছে, তার কাছ থেকে বাংলাদেশকে সংকট ব্যবস্থাপনার শিক্ষা নিতে হবে কেন?

বাংলাদেশের পাকিস্তানের কাছ থেকে শেখার চেয়ে পাকিস্তানের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া বেশি জরুরি। বন্ধুত্ব ও কূটনৈতিক সহযোগিতার অর্থ এই নয় যে একটি দেশের ব্যর্থ নীতিকে অন্য দেশ অনুসরণ করবে। বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত নিজস্ব অর্থনৈতিক বাস্তবতা, বৈজ্ঞানিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে ইসলামাবাদের সংকটগ্রস্ত জ্বালানি নীতির অনুকরণে নয়।

লেখক: কলামিস্ট

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close