গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে অনুদান না দেওয়ায় পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির আলীপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আসাদুল দফাদারের বিরুদ্ধে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের চাঁদপুর বাজারে অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপকের টেবিলের কাচ ভেঙে যায়। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন।
ব্যাংক সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭ অক্টোবর ইউনিয়ন শাখার সভাপতি আসাদুল দফাদার ব্যাংকের ব্যবস্থাপক মো. সোহাগ হোসেনের কাছে একটি আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সময় তিনি অনুষ্ঠানের জন্য আর্থিক সহযোগিতা চান। ব্যবস্থাপক বিষয়টি পরে দেখবেন বলে জানালে তারা সেখান থেকে চলে যান।
ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, রোববার সকাল ১১টার দিকে আসাদুল দফাদার কয়েকজন নেতাকর্মীকে অনুদানের টাকা চাইতে পাঠান। ব্যাংকের পক্ষ থেকে কোনো বরাদ্দ না থাকায় তাদের বুঝিয়ে ও আপ্যায়ন করে ফেরত পাঠানো হয়। এর প্রায় এক ঘণ্টা পর আসাদুল দফাদার ও রাকিবসহ ৮-৯ জন ব্যাংকে গিয়ে অনুদান না দেওয়ার কারণ জানতে চান। এ সময় তারা ব্যবস্থাপকের সঙ্গে অশোভন আচরণ করেন।
ব্যবস্থাপক তাদের শান্ত করার চেষ্টা করলে আসাদুল দফাদার ক্ষুব্ধ হয়ে তার টেবিলে আঘাত করেন। এতে টেবিলের ওপরের কাচ ভেঙে যায়। এ সময় রাকিবও ব্যবস্থাপককে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তারা ব্যাংক থেকে চলে যান।
ব্যাংকের নিরাপত্তাপ্রহরী মো. লিটন জানান, প্রথমে কয়েকজন নেতাকর্মী এসে অনুদানের বিষয়ে কথা বলেন। পরে সভাপতি আসাদুল দফাদারসহ আরও কয়েকজন ব্যাংকে এসে ব্যবস্থাপকের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে আসাদুল দফাদার টেবিলে আঘাত করে কাচ ভেঙে ফেলেন এবং হুমকি দিয়ে চলে যান।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম বলেন, ‘ব্যাংকের ব্যবস্থাপক আমাকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে টেবিলের কাচ ভাঙা অবস্থায় দেখি। সরকারি একটি ব্যাংকে প্রবেশ করে এ ধরনের ভাঙচুর ও হুমকির ঘটনা নিন্দনীয়। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
স্থানীয় বাসিন্দা সাইদ আলী খান মোহন বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর অনুদান না দেওয়ায় ব্যাংকে গিয়ে ভাঙচুর ও হামলার ঘটনা ঘৃণ্য কাজ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা উচিত।’
ব্যাংকের ব্যবস্থাপক মো. সোহাগ হোসেন বলেন, ‘গত ২৭ অক্টোবর আসাদুল দফাদার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি চিঠি দিয়ে সহযোগিতা চান। বিষয়টি দেখবেন বলে তাকে জানিয়েছিলাম। রোববার সকালে কয়েকজন নেতাকর্মী এসে অনুদানের বিষয়ে কথা বলেন। পরে আসাদুল দফাদার আরও কয়েকজনকে নিয়ে এসে আমার সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে তিনি আমার টেবিলে আঘাত করে কাচ ভেঙে ফেলেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।’
তিনি আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি আসাদুল দফাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মাহমুদ মৃধা জানান, দুপুর ২টার দিকে ব্যাংকের ব্যবস্থাপক তাকে ঘটনাটি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে বিকেলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কেকে/সাশ