মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুদের দায়ে আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর ধানখোলার ব্যবসায়ী ইসরাইলের দোকান ও তার শ্বশুর আব্দুল হান্নানের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে ইসরাইল পালিয়ে যান। পরে আব্দুল হান্নানের গোডাউনে অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় আব্দুল হান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
অভিযানকালে অতীতে মজুদ করা সার কোথায় বিক্রি করা হয়েছে, সে বিষয়েও সংশ্লিষ্টদের কাছে জবাব চায় উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়েজুর রহমান ফয়েজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিয়া ও প্রসিকিউটর মো. আতাহার আলী।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্ট থেকে কৃষকদের মধ্যে বিতরণের কথা থাকলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সার বিভিন্ন দোকান ও গোডাউনে মজুদ করছেন। এতে প্রয়োজনের সময় সার না পেয়ে কৃষকদের বেশি দামে তা কিনতে হচ্ছে।
প্রশাসনের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে কৃষকদের কাছে সারের ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
কেকে/সাশ