বগুড়ার শেরপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত ভ্যানে আগুন দেওয়া এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি করেন।
মামলার অভিযোগের সূত্রপাত গত ৯ নভেম্বরের একটি নাশকতার ঘটনা থেকে। ওই দিন সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় বস্তাবোঝাই একটি চলন্ত ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে।
মামলার এজাহারে নাম উল্লেখ করা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরান।
এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত ভ্যানে আগুন দেওয়া হয়। পরে ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাবেক দুই সংসদ সদস্যসহ ১০৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলায় দুটি ধারা যুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/সাশ