দেশের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে দুটি নতুন থানা ও দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।
এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ নামে দুটি নতুন পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর নির্ধারিত স্থান থেকে সরিয়ে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব ছিল।
একইভাবে, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
কেকে/সাশ