ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষের জেরে গাজীপুরে ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নামেন এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বাইরে অবস্থান নেন। পরে তারা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং শিল্প পুলিশের সাতটি টহল দল দায়িত্ব পালন করছে।
বিজিবি-৬৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গাজীপুর শিল্পাঞ্চলে ৬ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ক্রমাগত শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুটি কারখানায় সোমবারের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় সেগুলো চালু করতে পারবে।
কেকে/সাশ