রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭ শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘এখানে ক্রীড়াবিদ যারা আছেন, ম্যানেজার আছেন, কোচ আছেন, আমি তাদেরকে এই মাঠে অভিনন্দন জানাচ্ছি। আমি সকল খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী ও দর্শকদের অনুরোধ করছি, মাঠে যারা দাঁড়িয়ে আছেন, তারা সবাই আমাদের অতিথি। আর এই অতিথিদের সম্মান করা আমাদের সবার দায়িত্ব। সেই সঙ্গে আমি আরও অনুরোধ জানাই, গ্যালারির উত্তাপ যেন মাঠে না যায়, মাঠের উত্তাপ যেন গ্যালারিতে না যায়।’
তিনি আরও বলেন, ‘খুবই দুঃখজনক ব্যাপার যে, সামান্য ব্যাপার নিয়ে একটা ঘটনা অনেক দূর গড়ায়। আমি আশা করব, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। চারটি গেমসের সম্পূর্ণ সহযোগিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেবে এবং আপনাদের সহযোগিতাও আমরা কামনা করছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. আরিফুর রহমান। তিনি বলেন, ‘৩৯টি বিশ্ববিদ্যালয়কে মতিহারের সবুজ চত্বরে স্বাগত জানাচ্ছি। আশা করি, সুষ্ঠু ও শৃঙ্খলভাবে খেলাগুলো সম্পন্ন হবে। এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ