দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কোন উপজেলার কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট নেওয়া হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই সংলাপ কার্যক্রম শেষ করা হবে।
তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।
কেকে/সাশ