মেয়ের তৃতীয় জন্মদিনে ব্যাট হাতে দারুণ এক উপহার দিলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি করে তা উৎসর্গ করেছেন মেয়ে আনায়রা দাসকে। শতক পূরণের পর পকেট থেকে হাতে লেখা একটি বার্তা বের করে দর্শকদের সামনে তুলে ধরেন তিনি।
বার্তায় লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’ দূর প্রবাসে থেকেও মেয়ের বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে ব্যাটেই ভালোবাসার প্রকাশ ঘটালেন লিটন।
দিনের খেলা শুরু হওয়ার আগে ৯২ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম চার বল সতর্কতার সঙ্গে খেলে নিজের রান তিন বাড়ান। এরপর ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যান। শেষ পর্যন্ত ইনিংসের ১৫৪তম বলে প্রথম ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তার প্রথম টেস্ট সেঞ্চুরি।
লিটনের ইনিংস থামে ১২০ রানে। ১৭৯ বলের মোকাবিলায় ১৪টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয় ডেন প্যাটারসনের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে।
এর আগে, গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন। সেই ম্যাচের প্রথম ইনিংসেও অর্ধশতক পেয়েছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে তার ব্যাট থেকে সর্বোচ্চ আসে অপরাজিত ৩৪ রান। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে বড় ইনিংস খেলে সেই ব্যর্থতা পেছনে ফেললেন তিনি।
দিনের শুরুতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৭ রান। আগের দিন ১৩৭ রান করে আউট হন তাওহীদ হৃদয়। ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন তানজীদ হাসান তামিম ও হৃদয়। তাদের ৯৯ রানের জুটির পর লিটন ও হৃদয় গড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ২০৬ রানের জুটি।
কেকে/ এমএস