বাগেরহাটের রামপালে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষায় সামাজিক সচেতনতা বাড়াতে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রামপাল থানায় বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় এ সভা হয়। ‘প্রিভেনশন অ্যান্ড রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস’ (প্রিভেইল) কর্মসূচির আওতায় সভাটির আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেল, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান পিপিএম, ইউএনএফপিএর খুলনা-বাগেরহাট অঞ্চলের ফিল্ড অফিসার ড. নূর-ই-আলম সিদ্দিকী, গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, যুব সংগঠক ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক মো. সোহানুর রহমান। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন এবং সাইবার হয়রানির মতো বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা, অভিযোগ জানানোর প্রক্রিয়া এবং সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
সভায় নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং নারী ও শিশুর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, সহিংসতা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, যুব সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ এবং সামাজিক সহযোগিতা নিশ্চিত করাও জরুরি।
সভায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।
কেকে/ এমএস