দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য উঠে এসেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৮২ জন। বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৯ জন, সিলেটে ২৫২ জন, বরিশালে ১৭২ জন, খুলনায় ১৩২ জন, ময়মনসিংহে ৭৯ জন, রাজশাহীতে ৫৩ জন এবং রংপুরে ৩২ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।
কেকে/সাশ