ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের ভূমি অফিসে ২০ টাকার সরকারি নকলের জন্য ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলামকে ফের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শেখ আনোয়ার হোসেন আকাশ নামের এক ব্যক্তি ফোন করে তাকে অশালীন ভাষায় গালাগাল ও ভয়ংকর পরিণতির হুমকি দিয়েছেন। এর আগে একই ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ৩৩ মিনিটে সাংবাদিক জহিরুল ইসলামকে ফোন করে হুমকি দেন আনোয়ার। এ সময় সম্প্রতি প্রকাশিত ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামের প্রতিবেদন এবং লালবাগ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দালালদের কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, ভূমি অফিসে দালালদের তৎপরতা ও সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় তার ব্যক্তিগত মুঠোফোনে কল করে হুমকি দেওয়া হয়। এ সময় মামলা কিংবা জিডি করেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলে দম্ভোক্তি করেন আনোয়ার।
ফোনালাপে আনোয়ার সাংবাদিককে অশালীন ও আপত্তিকর ভাষায় গালাগাল করেন। আগের হুমকির ঘটনায় থানায় জিডি করেও তার কোনো ক্ষতি করতে পারবেন না বলে দাবি করেন তিনি। জহিরুল ইসলাম জানান, এর আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিনি থানায় জিডি করেছিলেন, তবে মামলা করেননি।
আনোয়ার বলেন, ‘তুই মামলা, জিডি কোনোকিছু করেই আমাকে কিছু করতে পারবি না। তুমি পুলিশে জিডি করছো, আমাকে কিছু করতে পারছে?’ এরপর তিনি সাংবাদিককে ‘ভয়ংকর পরিণতি’ ভোগ করার হুমকি দেন। পাশাপাশি তার বিরুদ্ধে মামলা করা এবং তাকে নিয়ে সংবাদ প্রকাশ করানোর হুমকিও দেন বলে অভিযোগ করেছেন জহিরুল ইসলাম।
গত ২৪ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে লালবাগ রাজস্ব সার্কেলের ভূমি অফিসে সরকারি ২০ টাকার নকল সরবরাহের বিপরীতে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি ভূমি অফিসে দালালদের তৎপরতা ও সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পরও এ বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান অব্যাহত রেখেছেন সাংবাদিক জহিরুল ইসলাম।
এর আগে হুমকির ঘটনায় গত ৮ মার্চ ২০২৬ তারিখে থানায় জিডি করেছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম। ওই জিডির নম্বর ৪৩৮। তার অভিযোগ, জনস্বার্থে ভূমি অফিসের অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশ করায় তাকে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে।
সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, ‘ভূমি অফিসের অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য নিয়ে জনস্বার্থে সংবাদ প্রকাশ করছি। কোনো ব্যক্তিগত বিরোধ থেকে এসব প্রতিবেদন করা হয়নি। কিন্তু সংবাদ প্রকাশের জেরে একই ব্যক্তির কাছ থেকে বারবার হুমকি পেতে হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
কেকে/ এসএমএন