বিদেশে পাচারের অর্থ ফেরানোর মামলায় ফলাফল পেতে ৫-১০ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী। সেইসঙ্গে পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশসহ সম্পদ থাকা দেশেও অপরাধ প্রমাণ করতে হবে বলে জানান তিনি।
আজ সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে স্টোলেন এসেট রিকভারি টাস্কফোর্সের সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা জানান।
দেশে ও বিদেশে আদালতের আদেশে এখন পর্যন্ত জব্দ, ক্রোক বা ফ্রিজ করা হয়েছে ৭৬ হাজার ৯৮৪ কোটি টাকার সম্পদ। এর বড় অংশই ব্যাংকের অর্থ বিদেশে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট। এসব অর্থ উদ্ধারে অগ্রাধিকার দেওয়া ১১টি মামলায় দেওয়ানি ও ফৌজদারি দুই ধরনের বিচারিক প্রক্রিয়াই চলমান।
দেশের আদালতের নির্দেশে জব্দ রয়েছে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ। আর বিদেশে পাচার হওয়া সম্পদের পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন ডলার। তবে ফ্রিজকৃত অর্থ পুনরায় পাচার হওয়ার আশঙ্কা উড়িয়ে না দিয়ে এসব অর্থ দেশে ফেরাতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স।
সংবাদ সম্মেলনে ফরহানুল গণি বলেন, ‘শুধু বাংলাদেশে অপরাধ প্রমাণ করলেই হবে না, যে দেশে সম্পদ রয়েছে, সেখানকার আইনেও অপরাধ প্রমাণ করলেই ফিরবে পাচার হওয়া অর্থ।’
কেকে/এমএ