রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতৃত্ব ও নির্বাচন নিয়ে চলমান জটিলতার অবসানে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
রোববার (১৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭(১) ধারা অনুযায়ী তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। সংগঠনটির চলমান সমস্যা নিরসন এবং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে বিতর্ক দেখা দেয়। গত ২৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় আগামী ২১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করে নতুন তফসিল ঘোষণার নির্দেশ দেয়। তবে এর পরদিনই নির্বাচন কমিশন সভাপতি মো. মাহবুবুর রশীদ শান্তনু ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলালসহ ২১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন সংগঠনের সাধারণ সদস্য মো. আসাদুজ্জামান। তার অভিযোগ ছিল, সাধারণ সভা আয়োজন এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন না করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ ও জটিলতা তৈরি হয়।
প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নির্বাচন আয়োজন ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া প্রশাসনের তত্ত্বাবধানে গেল।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল এবং নবনিযুক্ত প্রশাসক রেজাউল আলম সরকারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
কেকে/ এসএমএন